বাবুগঞ্জ প্রতিনিধি॥ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ত্রাণ বিতরণ ও সাংগঠনিক কার্যক্রমে অংশ নিতে বাবুগঞ্জে আসছেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি এবং তার সহধর্মিণী সংরক্ষিত নারী আসনের এমপি লুৎফুন্নেসা খান বিউটি।
আগামীকাল ২ জুলাই দুপুরে বরিশাল বরিশাল বিমানবন্দরে অবতরণ করবেন সংরক্ষিত নারী আসনের এমপি লুৎফুন্নেসা খান বিউটি। বিকেলে তিনি বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়নে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে বাহেরচর বাজারে মতবিনিময় সভা করবেন।
পরদিন ৩ জুলাই নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবার ও দুঃস্থ-অসহায় মানুষের মাঝে সংসদের ঐচ্ছিক তহবিলের বিশেষ ত্রাণ সাহায্যের চেক ও জিআরের চাল বিতরণ শেষে বাবুগঞ্জ ডিগ্রি কলেজে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় এবং বিকেলে চাঁদপাশার পোস্ট অফিস বাজারে স্থানীয়দের সঙ্গে আরেকটি মতবিনিময় সভায় মিলিত হবেন তিনি।
৪ জুলাই সকালে মুলাদী উপজেলায় ঐচ্ছিক তহবিলের চেক ও জিআর চাল বিতরণ শেষে বিকেলে ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের সঙ্গে খানপুরায় মতবিনিময় সভায় উপস্থিত থাকবেন এমপি লুৎফুন্নেসা খান বিউটি। ওইদিনই (৪ জুলাই) ঢাকা থেকে বিমানযোগে বরিশাল এসে তার সঙ্গে খানপুরার মতবিনিময় সভায় যোগ দেবেন তার স্বামী ঢাকা-৮ আসনের এমপি ও বাবুগঞ্জের কৃতি সন্তান রাশেদ খান মেনন। রাতে এমপি মেনন-বিউটি দম্পতি তাদের স্মৃতিবিজড়িত গ্রামের বাড়ি বাহেরচরে রাত্রিযাপন করবেন।
পরদিন ৫ জুলাই বরিশালে দলীয় একটি স্মরণসভায় যোগদান শেষে বিমানযোগে ঢাকায় প্রত্যাবর্তন করবেন এমপি দম্পতি। এসব কর্মসূচিতে তাদের সঙ্গে থাকবেন স্থানীয় বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সাবেক এমপি ও জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক অ্যাডভোকেট শেখ মো. টিপু সুলতান। ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সহ-সভাপতি সুজন আহমেদ এবং উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক টি.এম শাহজাহান বাবুগঞ্জে এমপি মেনন-বিউটি দম্পতির সফরসূচিসহ এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।