• ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

পিরোজপুরে থানা থেকে আসামির পলায়ন

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১২, ২০১৯, ১৩:২০ অপরাহ্ণ
পিরোজপুরে থানা থেকে আসামির পলায়ন

বিডি ক্রাইম ডেস্ক ॥ রাতে গ্রেপ্তার হওয়া হত্যা মামলার সন্দেহভাজন আসামি সকালে থানা থেকে পালিয়ে গেছে। আজ বৃহস্পতিবার সকালে পিরোজপুর সদর থানায় এ ঘটনা ঘটে।

পালিয়ে যাওয়া আসামি সালমান খান (২৪) সদর উপজেলার কলাখালী গ্রামের দুলাল খানের ছেলে। তার বিরুদ্ধে মাদক ও নারী নির্যাতনসহ চারটি নিয়মিত মামলা রয়েছে।

থানা সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে আসামি পানি পান করতে চাইলে দায়িত্বরত সেন্ট্রি হাজতখানার দরজা খোলেন। এ সময় সালমান তাকে ধাক্কা দিয়ে ফেলে দৌঁড়ে থানা থেকে পালিয়ে যান।

এ সময় সেন্ট্রি পড়ে গিয়ে মাথায় আঘাত পান। পেছনে পুলিশ ধাওয়া করলে আসামি থানার উত্তর দিকে দামুদর খালে ঝাপিয়ে পড়ে গা ঢাকা দেন। কলাখালীর যুবলীগ কর্মী জয় হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এসআই মুনিরুজ্জামান গত বুধবার সন্দেহভাজন আসামি হিসেবে সালমানকে গ্রেপ্তার করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম বাদল জানান, সকালে থানায় দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ও কর্মচারির উপস্থিতি কম ছিলো। এ সুযোগে আসামি পালিয়ে যায়। ঘটনার খবর পর থেকে পিরোজপুর ও পাশর্^বর্তী জেলাসমূহে পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও তদন্ত) মোল্লা আজাদ হোসেন পিরোজপুর সদর থানা পরিদর্শন করেন। এ সময় তিনি জানান, পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের ব্যাপক অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় পুলিশের কারও অবহেলা পাওয়া গেলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।