• ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

মঠবাড়িয়ায় মাদ্রাসার ম্যানিজিং কমিটি নিয়ে সংঘর্ষে আহত-৩

admin
প্রকাশিত আগস্ট ৩১, ২০১৯, ১৫:৩০ অপরাহ্ণ
মঠবাড়িয়ায় মাদ্রাসার ম্যানিজিং কমিটি নিয়ে সংঘর্ষে আহত-৩

মঠবাড়িয়া প্রতিনিধি ॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় শুক্রবার রাতে মাদ্রাসার ম্যানেজিং কমিটি নিয়ে বিরোধের জের ধরে হামলা চালিয়ে বাবা সাইদুল খান (৬৫) তার ২ ছেলে শাহাদাত (৩০) ও তৈয়ব খান (৩৮) কে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। উপজেলার বড়শৌলা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাতেই উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করে।

আহত তৈয়ব খান জানান, বড়শৌলা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি নিয়ে স্থানীয় ইউপি সদস্য লতিফ খানের (লতিফ মেলিটারি) সাথে একই এলাকার মোশারফ হোসেন খানের বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে শুক্রবার রাতে উপজেলার বড় শৌলা দাখিল মাদ্রাসার সামনে মৃত. আ. আলী খানের ছেলে মোশারফ খান, তার ছেলে নাছরুল ওরফে জাহিদ ও তার জামাতা বড় হারজী গ্রামের আল-আমীনসহ ১০/১২ জনের একদল সন্ত্রাসী ধারাল অস্ত্র ও লাঠিসোঠা নিয়ে হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করে।

মঠবাড়িয়া থানার ওসি সৈয়দ আব্দুল্লাহ জানান, এঘটনার খবর পেয়ই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।