বিডি ক্রাইম ডেস্ক ॥ পুলিশের দেওয়া মাদক মামলায় জামিন পেয়েছেন খুলনার রেলওয়ে (জিআরপি) থানায় আটকের পর গণধর্ষণের অভিযোগকারী সেই নারী। বুধবার দুপুরে খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সাইফুজ্জামান জামিন আবেদন মঞ্জুর করেন। এই তথ্য জানিয়েছেন মামলায় বিবাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোমিনুল ইসলাম।
এরআগে গত ১৯ আগস্ট শুনানি শেষে ওই নারীর জামিন নামঞ্জুর করেন খুলনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। জানা গেছে, গত ২ আগস্ট ওই নারীকে রাতে আটকের পর রেলওয়ে থানার মধ্যে ওসিসহ ৫ পুলিশ সদস্য গণধর্ষণ ও মারধর করেন বলে অভিযোগ উঠে। পরদিন ৩ আগস্ট ৫ বোতল ফেন্সিডিলসহ আটক দেখিয়ে মাদক মামলায় তাকে আদালতে পাঠানো হয়। বুধবার ওই মামলায় আদালত জামিন দিয়েছেন।
আইনজীবী অ্যাডভোকেট মোমিনুল ইসলাম জানান, এই জামিন আবেদন মঞ্জুর করা হয় মামলায় আগামী ২ সেপ্টেম্বর শুনানির দিনে বিবাদী নারীকে আদালতে হাজির করার শর্ত সাপেক্ষে।
অন্যদিকে, ধর্ষণের অভিযোগ জানালে এরই মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আদালতের নির্দেশে ওই নারীর ডাক্তারি পরীক্ষা করানো হয়। এছাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গণি পাঠানসহ ৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে ভূক্তভোগী নারী বাদী হয়ে রেলওয়ে থানায় পুলিশি হেফাজতে নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করেন। যার মামলা নং ০৩ ( তাং ১০/০৮/১৯ইং )।