• ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

ভােলায় মেহেদী পরতে গিয়ে গণধর্ষণের শিকার ১৩ বছরের শিশু

admin
প্রকাশিত আগস্ট ১২, ২০১৯, ১৩:১৯ অপরাহ্ণ
ভােলায় মেহেদী পরতে গিয়ে গণধর্ষণের শিকার ১৩ বছরের শিশু

ভোলা অফিস ॥
১৩ বছরের এক শিশুকে হাত-পা বেঁধে ধর্ষণ করেছে দুই বখাটে।

রোববার (১১ আগস্ট) রাতে ভোলার চরসামাইয়ায় এ ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে তার স্বজনরা রাতেই ভোলা সদর হাসপাতালে ভর্তি করেছে। রোগীর অবস্থায় গুরুতর হওয়ায় রাতেই মেডিকেল টিম গঠন করে চিকিৎসা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

নির্যাতনের শিকার শিশুর বাবা ও মা জানান, রাত ৮ টার দিকে তাদের মেয়ে পাশের বাড়ির চাচির কাছে মেহেদী লাগাতে যায়। সেখান থেকে তুলে নিয়ে স্থানীয় বখাটে মঞ্জুর আলম ও আলামিন বাড়ির সামনের কাচারি ঘরে হাত-পা বেঁধে গণধর্ষণের পর রক্তাক্ত অবস্থায় ফেলে যায় তাকে। পরে শিশুটির মা তাকে আনতে যাওয়ার সময় কাচারি ঘরে গোঙানির শব্দ শুনে ভিতরে গিয়ে মেয়েকে রক্তাক্ত ও হাত পা বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখেন। প্রতিবেশীদের সহায়তায় উদ্ধার করে তাকে রাত ১০টায় ভোলা সদর হাসপাতাল ভর্তি করা হয়।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. তৈয়বুর রহমান জানান, শিশুটিকে ঝুঁকিপূর্ণ অবস্থায় হাসপাতাল আনা হয়েছে। প্রথমে রক্ত বন্ধ হচ্ছিল না। অস্ত্রপচারের মাধ্যমে রক্ত বন্ধ করা হয়েছে। এখনও পুরোপুরি ঝুঁকিমুক্ত নয় সে। রোগীকে সব ধরনের চিকিৎসা সহায়তা দেয়া হচ্ছে।

স্থানীয় চর সামাইয়া ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন মাতব্বর ধর্ষণের কথা স্বীকার করে জানান, শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। হাসপাতাল থেকে প্রথমে বরিশাল রেফার করা হয়েছিল। বৈরী আবহাওয়ার কারণে বরিশাল নেয়া সম্ভব না হওয়ায় এখানেই চিকিৎসা দেয়া হচ্ছে।

অভিযুক্তদের গ্রেফতারের পুলিশ অভিযান পরিচালনা করছে বলে সদর থানার ওসি মো. ছগির মিয়া জানিয়েছেন।

ধর্ষণের শিকার শিশুর বাড়ি সদর উপজেলার চর সামাইয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে। সে স্থানীয় একটি স্কুলে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ে। তার বাবা গরু ব্যবসায়ী। অভিযুক্ত মঞ্জুর আলম মহুরী ও আলামিন রিকশা চালক।