• ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

বঙ্গোপসাগরে ১২ মাঝিমাল্লা নিয়ে একটি মাছ ধরার ট্রলারডুবি

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৭, ২০১৯, ১৭:৪৩ অপরাহ্ণ
বঙ্গোপসাগরে ১২ মাঝিমাল্লা নিয়ে একটি মাছ ধরার ট্রলারডুবি

আইয়ুব খান, রাঙ্গাবালীঃ
বঙ্গোপসাগরে ১২ মাঝিমাল্লা নিয়ে একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে তিন জেলে নিখোঁজ রয়েছেন।

শুক্রবার রাতে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সোনারচরসংলগ্ন বঙ্গোপসাগরে এ নৌদুর্ঘটনা ঘটে।

শনিবার দুপুর সাড়ে ১২টায় ডুবে যাওয়া ট্রলারের মালিক বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুরের সেরাজ পোদ্দার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিখোঁজ জেলেরা হলেন- বোরহানউদ্দিনের জয়া গ্রামের নূর ইসলাম ছেলে নাঈম (২০), সাজু ব্যাপারীর ছেলে কবির (৩৫) ও আইজল ভদ্দারের ছেলে ফরহাদ (৩০)।

এদিকে, শনিবার দুপুর দেড়টায় ডুবে যাওয়া ট্রলার থেকে উদ্ধার হওয়া ৯ জেলে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের লঞ্চঘাটে গিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থান নেন।

এসময় তাদের মধ্যে বোরহানউদ্দিনের জয়া গ্রামের হেজু মাঝি বলেন, শুক্রবার রাত ১২টার দিকে প্রচণ্ড ঢেউয়ে তোড়ে বঙ্গোপসাগরে ১২ জন মাঝিমাল্লা নিয়ে তাদের ট্রলারটি ডুবে যায়। তারা সারা রাত ডুবে যাওয়া ট্রলার ধরে সাঁতরে ভেসে ছিলেন।

পরদিন শনিবার সকালে একটি ট্রলার গিয়ে তাদের ৯ জেলেকে উদ্ধার করে। কিন্তু তিন জেলে এখনও নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধান পাওয়া যাচ্ছে না।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি আলী আহম্মেদ বলেন, ট্রলারডুবিতে তিন জেলে নিখোঁজ আছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।