বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ বরগুনার তালতলীতে তানিয়া আক্তার (২৭) নামের এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১ জানুয়ারি) সকাল ১১ টার দিকে উপজেলার সওদাগারপাড়া এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। তিনি উপজেলার সওদাগার পাড়া এলাকার গ্রামের মালয়েশিয়া প্রবাসী জসিম উদ্দিনের স্ত্রী।
স্থানীয়রা জানান, গৃহবধূ তানিয়া আক্তার তার একমাত্র ছেলেকে নিয়ে স্বামীর বাড়িতে বসবাস করতেন। গত এক মাস ধরে স্বামী মালয়েশিয়া প্রবাসী জসিম উদ্দিন দেশে আসা ও টাকা-পয়সা নিয়ে ঝগড়া-ঝাটি চলছিল। এর জের ধরে সোমবার ভোর রাতে কোন এক সময়ে তানিয়া নিজ ঘরের মাচা(দ্বিতীয় তলার) আড়ার সাথে দড়ি দিয়ে ফাঁস দেয়।
সকালে ছেলে মাকে ডাক দিলে কোন শব্দ না পেয়ে রুমের দরজা খোলা দেখতে পায়। বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে না পেয়ে ঘরের মাচা (দ্বিতীয় তলার) গিয়ে মায়ের ঝুলন্ত মরদেহ দেখে পাশের বাড়ির লোকজন ডাক দেয়। লোকজন এসে পুলিশ খবর দিলে লাশ উদ্ধার করে।
তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম খান বলেন, নিহত তানিয়ার গলায় দাগ রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রির্পোট পেলে বলা যাবে এটা হত্যা না আত্মহত্যা।