• ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিঙ্গাপুরের পথে ওবায়দুল কাদের

admin
প্রকাশিত মার্চ ৪, ২০১৯, ১২:৫৮ অপরাহ্ণ
সিঙ্গাপুরের পথে ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দ্রুত সময়ের মধ্যে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে।

ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠীর পরামর্শে তাকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া।

সোমবার দুপুরে কাদেরের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের তিনি এ কথা জানান।

তিনি বলেন, সকাল থেকে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় ভারতের হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠীর পরামর্শে তাকে দ্রুত সিঙ্গাপুর নেওয়ার প্রক্রিয়া চলছে। গতকাল সন্ধ্যা থেকে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে। ওবায়দুল কাদেরের সঙ্গে সিঙ্গাপুরের একটি চিকিৎসক প্রতিনিধি দলও এয়ার অ্যাম্বুলেন্সে থাকবেন।

জানা গেছে, ওবায়দুল কাদেরকে অ্যাম্বুলেন্সে করে ভিভিআইপি গেইট দিয়ে শাহজালাল বিমানবন্দরে নেওয়া হবে। তারপর রবিবার থেকে অপেক্ষায় থাকা এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হবে সিঙ্গাপুরের মাউন্ট এলিজোবেথ হাসপাতালে।

এদিকে ভারতের ব্যাঙ্গালুরু থেকে কলকাতা হয়ে দুপুর একটার দিকে ঢাকায় পৌঁছান ডা. দেবী শেঠী। দুপুর দেড়টার দিকে কালো রঙের একটি প্রাইভেটকারে করে বিএসএমএইউ-তে প্রবেশ করেন দেবী শেঠী।

এসময় ডা. দেবী শেঠীকে বিএসএমএমইউ-তে অভ্যর্থনা জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুণ।

এর আগে সকালে ওবায়দুল কাদেরকে দেখতে এসে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, আমাদের দলের সাধারণ সম্পাদকের অবস্থা আগের চেয়ে ভালো। শারীরিক অবস্থা উন্নতির দিকে যাচ্ছে। আশা করছি এমন উন্নত চিকিৎসা ব্যবস্থাপনার পর তিনি সুস্থ হয়ে উঠবেন ইনশাল্লাহ। সর্বোপরি আমরা আশাবাদী।

প্রসঙ্গত, রবিবার ভোরে ফজরের নামাজের পর হঠাৎ শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দিলে ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়। প্রথমে আইসিইউতে নেওয়া হলেও পরে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) ২ নম্বর বেডে রাখা হয় তাকে। এনজিওগ্রামে কাদেরের হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে।