• ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

সরকারি সংস্থায় গ্যাস-বিদ্যুতের বিল বকেয়া ৫ হাজার কোটি টাকা

admin
প্রকাশিত আগস্ট ৯, ২০১৯, ১৩:০৪ অপরাহ্ণ
সরকারি সংস্থায় গ্যাস-বিদ্যুতের বিল বকেয়া ৫ হাজার কোটি টাকা

বিডি ক্রাইম ডেস্ক ॥ বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, সরকারের বিভিন্ন বিভাগের কাছে গ্যাস ও বিদ্যুৎ বিলের প্রায় ৫ হাজার কোটি টাকার বকেয়া আছে। গতকাল বৃহস্পতিবার সকালে সচিবালয়ে জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস উপলক্ষে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, ‘জ্বালানি বিভাগ বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে প্রায় ৫ হাজার কোটি টাকা বিল পাবে। সেটা আদায়েরও ব্যাপার আছে। অনেক সরকারি প্রতিষ্ঠান আছে সেগুলোর লাইন কাটা শুরু করলে সমস্যা। আমাদের চ্যালেঞ্জ হচ্ছে সাশ্রয়ী মূল্যে জ্বালানি দেওয়া এবং নিরবচ্ছিন্ন জ্বালানি দেওয়া।’

এ সময় বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোকে কেন্দ্রীয়ভাবে একটি কল সেন্টার করার পরামর্শ দিয়েছেন তিনি। নসরুল হামিদ বলেন, ‘আমরা মধ্যাঞ্চলে যেভাবে গ্যাস বিতরণ করেছি, চিন্তা করছি দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কীভাবে গ্যাস দেওয়া যায়। অর্থাৎ, খুলনা ও যশোর অঞ্চলে। এছাড়া, উত্তরের দিকেও গ্যাস নেওয়ার কথা ভাবা হচ্ছে।’

নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কারের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘ভোলায় গ্যাসের একটা বড় সম্ভাবনা দেখা গিয়েছে। ভোলার গ্যাসকে আমরা আরও বড় ভাবে কীভাবে ব্যবহার করতে পারি, সে বিষয়ে ভাবা হচ্ছে। আমরা সেটাকে দক্ষিণ দিকে গ্যাসলাইন নির্মাণ করে কীভাবে পটুয়াখালী পর্যন্ত নিয়ে যেতে পারি, সেটার সম্ভাবনাও যাচাই-বাছাই চলছে।’

তিনি আরও বলেন, ‘খুলনায় ইকোনমিক জোন হচ্ছে। খুলনা, যশোর, বরিশাল, পটুয়াখালী- এ অঞ্চলে ব্যাপক কর্মসংস্থান তৈরি করতে হবে। সেখানে জ্বালানি নিরাপত্তা তৈরি করতে হবে।’

তিতাসের কর্মকর্তা-কর্মচারীদের আয়কর বিবরণী চাওয়া হয়েছে বলেও জানান তিনি।

এটা প্রকাশ করা হবে কি-না জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘তিতাসের আয়কর বিবরণী চেয়েছি যাচাই-বাছাইয়ের জন্য। আমরা এটা প্রকাশ করতে পারব না। সেটা আয়কর বিভাগ থেকে নেওয়া বেটার (উত্তম) হবে। কারণ, এটা তাদের ব্যক্তিগত তথ্য।’