বিডি ক্রাইম ডেস্ক ॥
উপকূলীয় বরগুনার পাথরঘাটা উপজেলার ১৪ বছরের জেলে মো. ইমরান হোসেন গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিজের অসতর্কতায় ট্রলার থেকে ছিটকে পড়ে গিয়েছিল সমুদ্রে। পাঁচদিন সমুদ্রে ভেসে ছিল ইমরান। সমুদ্রের স্রোত তাকে ভাসিয়ে নিয়ে যায় ভারতীয় সীমানায়।
সেখান থেকে উদ্ধার করে ভারতীয় মৎস্যজীবীরা তাকে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার মহকুমার রায়দীঘি বন্দরে নিয়ে যায়। বর্তমানে তার ঠাঁই হয়েছে ভারতের রায়দীঘি থানায়। বাংলাদেশের জলসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় অনুপ্রবেশের অপরাধে ইমরানকে উদ্ধার করে সেখানকার জেলেরা রায়দীঘি থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
ইমরান হোসেন বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের মঠেরখাল গ্রামের ইসমাইলের ছেলে। জানা যায়, পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের মঠেরখাল গ্রামের ইসমাইলের মালিকানাধীন এফবি ইমরান ট্রলারসহ ১২ জেলে নিয়ে ২৬শে আগস্ট সোমবার সমুদ্রে মাছ শিকার করে ফিরে আসার পথে পরদিন মঙ্গলবার বলেশ্বর নদের মোহনায় হঠাৎ ঝড়ের কবলে পড়ে ট্রলারটি।
মুহূর্তের মধ্যেই ইমরান ট্রলার থেকে ছিটকে সাগরে পড়ে যায়। এরপর পানির স্রোত তাকে ভাসিয়ে নিয়ে যায়। উত্তাল সমুদ্রে কোনো কিছু ছাড়া বেশিক্ষণ ভেসে থাকা প্রায় অসম্ভব। তাই ইমরান বুদ্ধি খাটিয়ে নিজের পরনের লুঙ্গি খুলে তাতে বাতাস ভরে ফুলিয়ে নেয়। তা ধরেই ৫ দিন সমুদ্রে ভেসে ছিল বলে জানায় ইমরান।
এদিকে ইমরানের সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে শনিবার ৩১শে আগস্ট রাতে পাথরঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়, যার নম্বর ১৩৪৪। এরপর শনিবার সকালে ভারতের একদল জেলে ইমরানকে উদ্ধার করে রায়দীঘি থানা পুলিশের হাতে তুলে দেয়।
পুলিশ ইমরানকে রায়দীঘি গ্রামীণ হাসপাতালে ভর্তি করে চিকিৎসার জন্য। ইমরান সমুদ্রে লুঙ্গি ফুলিয়ে ভাসতে ভাসতে শনিবার ৩১শে আগস্ট বাংলাদেশের জলসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমানায় পৌঁছে যায়। ভারতীয় ট্রলার ‘এফবি বাবা পঞ্চানন’-এর চালক মনোরঞ্জন দাস সমুদ্রে মাছ ধরার সময় তাকে ভাসতে দেখে উদ্ধার করেন।
ইমরানকে উদ্ধারকারী ট্রলারের মাঝি মনোরঞ্জন দাস জানান, আমরা দূর থেকে দেখলাম কি যেন ভাসছে। কাছাকাছি যেতেই দেখি একটি বালক লুঙ্গি ফুলিয়ে সেটা আঁকড়ে আছে। এর পরই ওকে ট্রলারে তুলে নিই আমরা। ভারতের ডায়মন্ড হারবারের মহকুমা প্রশাসক সুকান্ত সাহা বলেছেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশি মৎস্যজীবীকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয় বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, নিখোঁজ হওয়ার পর থেকেই আমরা বিভিন্নভাবে অনুসন্ধান করেছি। পরে জানতে পেরেছি ভারতীয় জেলেরা ইমরানকে উদ্ধার করে রায়দীঘি থানায় হস্তান্তর করেছেন। ভারতের রায়দীঘি থানা পুলিশের সঙ্গে আমাদের কথা হয়েছে, দ্রুত আইনি প্রক্রিয়া শেষ করে ইমরানকে দেশে পাঠানোর ব্যবস্থা করবে।