বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক এবং ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোট মনোনীত বরিশাল–৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার ফুয়াদ বলেছেন, প্রত্যেকবার নির্বাচিত জনপ্রতিনিধিরা আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। চাঁদাবাজি ও মাস্তানির রাজনীতি আর চলতে দেওয়া হবে না। অস্ত্রবাজি ও সর্বহারা রাজনৈতিক দালালির রাজনীতিও বন্ধ করা হবে।
রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বরিশালের বাবুগঞ্জ কলেজ গেট এলাকায় নির্বাচনী গণমিছিলের আগে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাবুগঞ্জ–মুলাদীকে চাঁদাবাজমুক্ত করা হবে। ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করবেন। কাউকে এক টাকাও চাঁদা দিতে হবে না। মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের বলছি, আইনের মধ্যে ফিরে আসুন।
তা না হলে যৌথবাহিনীর গুলিতে কবরে যাওয়ার প্রস্তুতি নিন। আপনাদের তালিকা প্রশাসনের কাছে দেওয়া আছে।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, আজ এই সমাবেশ থেকে আমরা ঘোষণা করছি, ১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে লাল-সবুজের পতাকা রক্ষার নির্বাচন। এই নির্বাচন হবে বাবুগঞ্জকে সন্ত্রাসমুক্ত করার, মাদকমুক্ত করার এবং মীরগঞ্জ ঘাটকে দালালমুক্ত করার নির্বাচন।
১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে উন্নয়নের নির্বাচন, মা-বোনদের নিরাপত্তা নিশ্চিত করার নির্বাচন, বাবুগঞ্জ–মুলাদীকে নতুন করে ঘুরে দাঁড়ানোর নির্বাচন। এই অঞ্চলের প্রতিটি কাঁচা রাস্তা পাকা করা, হাসপাতালে চিকিৎসাসেবা নিশ্চিত করা, চাঁদামুক্ত বাজার ও খেয়াঘাট এবং টাউটারিমুক্ত সমাজ গড়ার নির্বাচন।
তিনি আরও বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে যারা ভোটকেন্দ্র দখল, ব্যালট জালিয়াতি এবং অস্ত্র ও গোলাবারুদ মজুত করে অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা করছে, তাদের হুঁশিয়ার করে বলছি, আপনাদের প্রত্যেকের নাম, ঠিকানা ও ছবি গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দেওয়া হয়েছে। যদি ১২ তারিখে কবরে যেতে না চান, ভদ্র হয়ে যান। ভোটকেন্দ্রের আশপাশে ঝামেলা করার চেষ্টা করলে র্যাব, পুলিশ ও যৌথবাহিনীর গুলির জন্য প্রস্তুত থাকুন।
নইলে নিরাপদে বাড়িতে থাকুন। কোনো ধরনের টাউটারি বা বাটপাড়ি করতে দেওয়া হবে না।
তিনি বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। একই সঙ্গে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের নেতাকর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান তিনি। গত এক বছর ধরে কর্মসংস্থান ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে কাজ করছি। ভোলার গ্যাসক্ষেত্র থেকে ৩০ শতাংশ বাজেট বরিশালে এনে যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি করা হবে।
আইনশৃঙ্খলা বাহিনী ও প্রিসাইডিং কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এবং পুরোনো রাজনীতিকে না বলতে হবে। ১২ ফেব্রুয়ারি ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের ‘ঈগল’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বক্তব্য শেষ করেন। পরে ঈগল প্রতীকের পক্ষে একটি নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আজিজুর রহমান অলিদ, বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সালাম মাঝিসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের নেতারা।