স্টাফ রিপোর্টার ॥ দেশব্যাপী ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। একইভাবে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে দেশের দক্ষিণাঞ্চলেও। ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬ জন।
সোমবার (৫ আগস্ট) সকাল পর্যন্ত শেবাচিম হাসপাতালে ১৫৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন দেখা গেছে। রোববার (৪আগস্ট) এ সংখ্যা ছিল ১৪৮ জন।
হাসপাতালের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ৪৬ জন। যারমধ্যে পুরুষ ২৬, নারী ১৪ ও শিশু ৬ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৪০ জনকে।
অন্যদিকে বর্তমানে চিকিৎসাধীন ১৫৪ জনের মধ্যে পুরুষ ৯৪, নারী ৪৫ ও শিশু ১৫ জন। এদেরমধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
গত ১৬ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত শেবাচিম হাসপাতালে মোট ৩০৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। যাদের মধ্যে মারা গেছেন দুইজন।
এদিকে শেবাচিম হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড, বিনামূল্যে ওষুধ ও প্রতীকী মূল্যে রোগ পরীক্ষা-নিরীক্ষার কথা থাকলেও ডেঙ্গু রোগীদের কারোর ঠাঁই হয়েছে মেডিসিন ওয়ার্ডগুলোর মেঝেতে আবার কারোর হয়েছে বারান্দায়।