• ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বঙ্গবন্ধুর খুনীদের নির্মূল করতে হবে ॥ নৌ প্রতিমন্ত্রী

admin
প্রকাশিত আগস্ট ২২, ২০১৯, ২১:৩৪ অপরাহ্ণ
বঙ্গবন্ধুর খুনীদের নির্মূল করতে হবে ॥ নৌ প্রতিমন্ত্রী

বিডি ক্রাইম ডেস্ক ॥ মানবাধিকার নেতারা আইনের শাসন ও মানবাধিকার নিয়ে কথা বললেও বঙ্গবন্ধু, শিশু রাসেল, সুকান্ত বাবু এবং অন্তঃসত্ত্বা আরজু মনির হত্যাকাণ্ড নিয়ে কোন কথা বলেন না। তারা যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে কথা বলেন। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের হুকুমদাতাদের যতদিন নির্মূল করতে পারব না, ততদিন মানবাধিকার সমুন্নত করা যাবে না। বঙ্গবন্ধুর খুনীরা যারা দম্ভ দেখায়, আইনকে চ্যালেঞ্জ করে তাদের নির্মূল করতে হবে। এটি একটি রাজনৈতিক আন্দোলন। এ আন্দোলনে সকলকে সম্পৃক্ত হতে হবে।

নৌপরিবহন প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহ্মুদ চৌধুরী বৃহস্পতিবার ঢাকায় সদরঘাট টার্মিনাল ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিআইডব্লিউটিএ আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মাহবুব উল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোঃ আবদুস সামাদ ।

প্রতিমন্ত্রী বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেন।

বিআইডব্লিউটিএর সদর দফতর ও ঢাকা নদী বন্দরের ১৫০ কর্মকর্তা-কর্মচারী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীতে অংশ নেন। একই সঙ্গে নারায়ণগঞ্জ ও বরিশাল নদী বন্দরে পৃথকভাবে বিআইডব্লিউটিএর কর্মকর্তা ও কর্মচারীরা রক্তদান কর্মসূচীতে অংশ নেন।