• ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

প্রকাশ্যে এলো ফারহান-ইভানার স্বল্পদৈর্ঘ্য সিনেমা

admin
প্রকাশিত আগস্ট ৯, ২০১৯, ১৭:৪০ অপরাহ্ণ
প্রকাশ্যে এলো ফারহান-ইভানার স্বল্পদৈর্ঘ্য সিনেমা

বিডি ক্রাইম ডেস্ক ॥ সঙ্গীতশিল্পী জয় শাহরিয়ারের গল্প-চিত্রনাট্যে ঈদ উপলক্ষে নির্মাতা স্বরাজ দেব নির্মাণ করেন স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘তুমিও আমার হতে পারতে’।

আজব কারখানার এই স্বল্পদৈর্ঘ্যে মূখ্য দুটি চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর. ফারহান-পারসা ইভানা জুটি। চিরন্তন প্রেমের গল্প আর এই সময়ের প্রেক্ষাপটে এক যুগলের গল্পে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্যটি।

এ প্রসঙ্গে নির্মাতা স্বরাজ দেব বলেন, ‘ঈদ আয়োজনে আমার বেশ কিছু কাজের মধ্যে এটি অন্যতম সেরা। কারণ এর গল্প ও টিমের সকলের আন্তরিকতা। আশা করছি ঈদে স্বল্পদৈর্ঘ্যটি দর্শকের আনন্দের ভিন্ন মাত্রা যোগ করবে।’

মুশফিক ফারহান বলেন, ‘এবারের ঈদে আমি আমার ক্যারিয়ারের সবচেয়ে বেশি নাটকে কাজ করেছি। সবগুলো কাজই ভালো হয়েছে। বিশেষ করে ‘তুমিও আমার হতে পারতে’ অন্যতম।’

ইভানা বলেন, ‘আমি আর ফারহান জুটি হিসেবে গত এক বছরে বেশ কিছু আলোচিত কাজ করেছি। তাই এখন একদম মনের মত, বিশেষ কিছু না হলে আমরা একসঙ্গে কাজ করি না। এটা তেমনি একটা বিশেষ কাজ।’

প্রথমবারের মত চিত্রনাট্য লেখার বিষয়ে জয় শাহরিয়ার বলেন, ‘আমি গানের মানুষ। গান লেখার বাইরেও টুকঠাক লিখছি, তবে এটাই প্রথম চিত্রনাট্য। আমার ভালোই লেগেছে লিখতে। আর গানগুলো যেহেতু আমারই, তাই নিজের মতো যথাযথ গল্প সাজাতে পেরেছি। এটি আজব কারখানা ও আজব রেকর্ডসের প্রথম প্রযোজনা। তাই আনন্দ ও উৎকণ্ঠা দুটোই বেশি।’

গল্প-চিত্রনাট্য লেখার পাশাপাশি ‘তুমিও আমার হতে পারতে’ স্বল্পদৈর্ঘ্যটির সঙ্গীত পরিচালনা করেছেন জয় শাহরিয়ার নিজেই। এডিট ও কালার করেছেন শাহরিয়ার শাহরুখ। ডি.ও.পি ছিলেন আমির হামজা।

বৃহস্পতিবার (৮ আগস্ট) ঈদুল আযহা উপলক্ষে আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে ‘তুমিও আমার হতে পারতে’।