বিডি ক্রাইম ডেস্ক ॥ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীর সঙ্গে অভিমান করে বিষ খেয়ে আত্মহত্যা করেছেন রিনা বেগম (৩০) নামে এক গৃহবধূ।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে উপজেলার গোপালদী পৌরসভার জালাকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত রিনা বেগম ওই গ্রামের হামজা মিয়ার স্ত্রী। রিনার বাবা একই গ্রামের বাসিন্দা রেকমত আলী। তবে রিনার সঙ্গে যে যুবকের পরকীয়া ছিল, তার নাম জানা যায়নি।
পরবর্তীতে শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।
গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) নাসির উদ্দিন বলেন নিহত রিনা স্থানীয় এক যুবকের সঙ্গে পরকীয়া করে আসছিল। রিনার স্বামী এই ঘটনা জানতে পেরে তাকে পরকীয়া করতে নিষেধ করে এবং মারধরও করে। এ নিয়ে ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার রাতে স্বামী ঘরের বাইরে গেলে সবার অজান্তে বিষ খেয়ে আত্মহত্যা করেন তিনি। রিনা বেগম ও তার স্বামী হামজা মিয়ার বিবাহিত জীবন ১৫ বছরের। তাদের একটি মেয়ে সন্তানও রয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।