বিডি ক্রাইম ডেস্ক ॥ রাজধানীর মালিবাগে বাসের চাপায় হেমায়েত হোসেন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার দুপুর পৌনে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল তার মৃত্যু হয়। পেশায় তিনি একজন ব্যবসায়ী।
রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মো. ইয়াকুব আলী বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় পুলিশ বাসের চালকসহ বাসটি জব্দ করেছে।
তিনি বলেন, ‘মোটরসাইকেলে করে যাওয়ার পথে মালিবাগ সুপারমার্কেট সংলগ্ন কাঁচা বাজারের সামনে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একটি বাস তাকে চাপা দেয়। আমরা ঘাতক বাসটি জব্দ করি এবং চালককে আটক করেছি। ময়নাতদন্তের জন্য তার মৃতদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। ’
মৃতের চাচাতো ভাই মতিউর রহমান বলেন, ‘হেমায়েত (ইনটিরিয়র প্লাস) ডেকোরেশনের ব্যবসা করতেন। তিনি নবাবপুর থেকে ডেকোরেশন মালামাল ক্রয় করে ফিরছিলেন। পরে সংবাদ পাই যে তিনি সড়ক দুর্ঘটনার আহত হয়ে হাসপাতালে আছেন। তার ব্যবসা প্রতিষ্ঠানটি রামপুরা টিভি সেন্টার পাশে। ওই এলাকায় পরিবার নিয়ে থাকেন। তার বাড়ি বরিশাল জেলার মেহেদীগঞ্জ উপজেলার কাজিরহাট গ্রামে। ‘