• ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

টেকনাফ ও উখিয়ায় থ্রিজি-ফোরজি সেবা বন্ধ

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০১৯, ১৯:৫০ অপরাহ্ণ
টেকনাফ ও উখিয়ায় থ্রিজি-ফোরজি সেবা বন্ধ

 

বিডি ক্রাইম ডেস্ক ॥ কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় মোবাইলের থ্রিজি এবং ফোরজি ইন্টারনেট সেবা পুরোপুরি বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সোমবার রাতে দেশের সকল মোবাইল অপারেটরদের কাছে এ নির্দেশনা পাঠানো হয়।

জানা যায়, বিটিআরসির আগের নির্দেশনা অনুযায়ী মোবাইল অপারেটরগুলো টেকনাফ এবং উখিয়া অঞ্চলে বিকাল ৫টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোবাইলের থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবা বন্ধ রেখেছিল। এক সপ্তাহের ব্যবধানে সে নির্দেশনা এখন ২৪ ঘণ্টার জন্য কার্যকর করা হলো। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে।

এ বিষয়ে মোবাইল ফোন অপারেটরের এক শীর্ষ কর্মকর্তা জানান, সোমবার বিটিআরসির পক্ষ থেকে এ নির্দেশনাটি যখন আসে তখন রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া ওই দুই উপজেলায় এমনিতেই দ্রুতগতির ইন্টারনেট সেবা বন্ধ ছিল। সকালে আবার সেই সেবা চালুর কথা থাকলেও বিটিআরসির পক্ষ থেকে নতুন নির্দেশনা আসায় সেটি আর হয়নি। এর ফলে মোবাইলে কথা বলা ছাড়া ওই দুই এলাকায় ইন্টারনেট ব্যবহার কার্যত বন্ধ হয়ে গেছে।

এর আগে গত ১ সেপ্টেম্বর রোহিঙ্গারা যাতে মোবাইল সেবা না পায় সে বিষয়ে চিঠির মাধ্যমে অপারেটরদের একটি নির্দেশনা পাঠায় বিটিআরসি। পরে ২ সেপ্টেম্বর অপারেটরদের সঙ্গে বৈঠকের পর বিকাল ৫টা থেকে ভোর ৬টা পর্যন্ত ওই দুই উপজেলায় দ্রুতগতির ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়।