ইশরাত মাসুদ, গলাচিপা ॥ পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক ক্লিনিক্যাল কন্ট্রাসেপসন সার্ভিসেস ডেলিভারী প্রোগ্রামের আওতায় নব নিযুক্ত গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলার ১শত ৪৩ জন নারী কর্মীদের পরিচিতি ও ৬ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রশিক্ষণ হলরুমে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে কর্মশালার শুভ উদ্বোধন করেন গলাচিপা উপজেলার চেয়ারম্যান জনাব মু. শাহিন শাহ। সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সুফিয়ান ইমরান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, প্রেসক্লাব সভাপতি খালিদ হোসেন মিলটন ও পৌর কাউন্সিলর আবুল বশার প্যাদা।
অনুষ্ঠানে প্রধান অতিথি নব নিযুক্ত নারী কর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশের স্বাস্থ্য সেবা উন্নয়ন ও পরিকল্পিত পরিবার গঠনে সারা বাংলাদেশে এই প্রকল্পের আওতায় গ্রামীণ জনপদে সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে দায়িত্বশীল কর্তব্য ও সেবার মানুষিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান।
এছাড়া তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এই কর্মসূচি গ্রহণ করায় কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জাতির জনকের সোনার বাংলা বিনির্মাণে সকলকে সমন্বিতভাবে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়ে কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গোলখালী ইউনিয়নের স্বেচ্ছাসেবক কর্মী ইশিকা রায়।
অনুষ্ঠানে স্থানীয় সুধী, গণমাধ্যম কর্মী অংশ নেয় এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা নব নির্বাচিত নারী কর্মীদের প্রশিক্ষণ প্রদান সহ তাদের দায়িত্ব বিষয়ে অবহিত করেন।