বিডি ক্রাইম ডেস্ক ॥ দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে ওই অঞ্চলে গ্যাস পাইপলাইন নেওয়ার চিন্তা-ভাবনা করছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে জ্বালানি নিরাপত্তা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ কথা জানান।
তিনি বলেন, আমরা মধ্যাঞ্চলে যেভাবে গ্যাস বিতরণ করেছি, চিন্তা করেছি দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে কীভাবে গ্যাস দেওয়া যায়। অর্থাৎ খুলনা ও যশোর এই এলাকায়। এছাড়া উত্তরের দিকেও কীভাবে গ্যাস নেওয়া যায়।
বাংলাদেশের মধ্য এবং দক্ষিণ-পূর্বাঞ্চলে পাইপলাইনে গ্যাস সরবরাহ হলেও উত্তরাঞ্চলে কিছু জেলায় কেবল গ্যাস পাচ্ছে পাইপলাইনে। গ্যাস এখন গৃহস্থালিতে ব্যবহার না করে শিল্পোৎপাদনেই ব্যবহারের পক্ষপাতি সরকার। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গ্যাস গেলেও তা যে শিল্পোৎপাদনের জন্যই যাবে, তা স্পষ্ট।
প্রতিমন্ত্রী বলেন, পদ্মা সেতু হলে বিরাট সম্ভবনা তৈরি হবে। খুলনায় ইকোনমিক জোন হচ্ছে। খুলনা, যশোর, বরিশাল, পটুয়াখালী এই অঞ্চলে কর্মসংস্থান তৈরি করতে হবে। সেখানে জ্বালানি নিরাপত্তা তৈরি করতে হবে।
ভারত থেকে গ্যাস আনা লাভজনক হবে কি না, তা যাচাই করা হচ্ছে বলেও জানান নসরুল। তিনি বলেন, আমরা ভারত থেকে বিদ্যুৎ নিচ্ছি, গ্যাসের সম্ভাবনা দেখছি ভারত থেকে নেওয়ার জন্য। আমরা জ্বালানিকে সিকিউরড করার জন্য নিচ্ছি। আমরা যাতে পিছিয়ে না থাকি।
সংবাদ সম্মেলনে জ্বালানি ও খনিজসম্পদ সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।