• ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

উন্নয়ন নিয়ে সরকারের সঙ্গে বিরোধ নেই: রাঙ্গা এমপি

admin
প্রকাশিত আগস্ট ২৬, ২০১৯, ১৯:৫১ অপরাহ্ণ
উন্নয়ন নিয়ে সরকারের সঙ্গে বিরোধ নেই: রাঙ্গা এমপি

দেশে উন্নয়ন নিয়ে সরকারের সাথে আমাদের কোন বিরোধ নেই। এর আগে জাতীয় পার্টি থেকে আমরা সরকারের মন্ত্রী ছিলাম। সে সময় উন্নয়ন কাজে সরকারকে সহযোগিতা করে আসার পাশাপাশি উন্নয়ন করেছি। এবার সরকারে না থাকলেও বিরোধী দল হিসেবে উন্নয়ন নিয়ে কোন বিরোধ নেই, তবে অন্যান্য বিষয় নিয়ে জাতীয় সংসদে বিরোধিতা করছি এবং করব।

রংপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে সোমবার দুপুরে গঙ্গাচড়ায় চারটি শিক্ষা প্রতিষ্ঠানে চারতলা একাডেমিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির মহাসচিব এবং স্থানীয় আসনের সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গা।

তিনি আরো বলেন, গঙ্গাচড়া উপজেলা এখন আর অবহেলিত নয়, চারদিকে রাস্তা-ঘাটসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন করা হয়েছে এবং উন্নয়ন কাজ চলমান রয়েছে।
ছাত্রছাত্রীদের উদ্দেশে তিনি বলেন, এ উন্নয়নের ধারা আগামীতে তোমাদের ধরে রাখতে হবে। এজন্য ভালো করে লেখাপড়া করে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। দেশ সেবার দায়িত্ব তোমাদেরই পালন করতে হবে। এছাড়া তিনি বাল্যবিয়ে থেকে ছাত্রছাত্রীদের বিরত এবং অভিভাবকদের সন্তানদের বাল্যবিয়ে না দেয়ার আহবান জানান।

চেংমারী মান্দ্রাইন দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এমদাদুল ইসলামের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তাসলীমা বেগম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রংপুরের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান।

সহকারী শিক্ষক আসাদুজ্জামান বকুলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক হাফিজুল ইসলাম বাদশা। এ সময় রাঙ্গার সহধর্মিণী রাকিবা নাসরিন, জেলা পরিষদ সদস্য ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি সামসুল আলম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, মহিলা ভাইস চেয়রম্যান রাবিয়া বেগম, ওসি মশিউর রহমান, গঙ্গাচড়া ইউপি চেয়ারম্যান আল সুমন আব্দুল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী জাপা নেতা নুর আমিন প্রমুখ।

পরে হাজী দেলওয়ার হোসেন উচ্চ বালিকা বিদ্যালয়, ধামুর পূর্বপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও গঙ্গাচড়া সিনিয়র ফাজিল মাদরাসার চারতলা একাডেমিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন রাঙ্গা। এসব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, ছাত্রছাত্রী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন রাঙ্গা এমপি। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য অফিসারসহ মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।