• ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বরিশালে হাড়কাঁপানো শীতে স্থবির জনজীবন

বিডিক্রাইম
প্রকাশিত ডিসেম্বর ২৮, ২০২৫, ১৭:০২ অপরাহ্ণ
বরিশালে হাড়কাঁপানো শীতে স্থবির জনজীবন

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরিশালে তীব্র শীত ও হিমেল বাতাসে জনজীবনে নেমে এসেছে চরম স্থবিরতা। ঠান্ডা আর সূর্যের অনুপস্থিতিতে দৈনন্দিন কাজকর্মে ব্যাঘাত ঘটছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ, যাদের জীবিকা নির্ভর করে প্রতিদিনের উপার্জনের ওপর।

জেলা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, রোববার (২৮ ডিসেম্বর) বরিশালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন এই তাপমাত্রা ছিল ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যদিও তাপমাত্রা সামান্য বেড়েছে, তবে হিমশীতল বাতাসের কারণে শীতের অনুভূতি আরও তীব্র হয়ে উঠেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সকাল থেকে আকাশ মেঘলা থাকায় রোদের দেখা মিলছে না। কুয়াশা কিছুটা কম থাকলেও ঠান্ডা বাতাসের দাপটে সারাদিনই শীত অনুভূত হচ্ছে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে অনিচ্ছুক সাধারণ মানুষ, ফলে রাস্তাঘাটেও জনসমাগম স্বাভাবিক সময়ের তুলনায় কম।

হঠাৎ শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন অটোরিকশা ও রিকশাচালকসহ দিনমজুররা। নতুন বাজার এলাকার অটোরিকশাচালক সোহেল জানান, শীতের কারণে যাত্রী কমে গেছে। দীর্ঘ সময় গাড়ি চালালেও আয় হচ্ছে না।

সদর রোডের রিকশাচালক আল আমিন বলেন, এত ঠান্ডা বাতাসে গাড়ি চালানোই কষ্টকর। যাত্রী পাওয়া যাচ্ছে না, সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।

শীতের সঙ্গে সঙ্গে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যাও। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছেন জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে। এতে জেলার হাসপাতালগুলোতে রোগীর চাপ ক্রমেই বাড়ছে।

জেলা আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক প্রনব কুমার রায় জানান, চলতি মৌসুমে বরিশালে সর্বনিম্ন ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তিনি আরও জানান, দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি এবং পুরো জেলা হালকা কুয়াশায় আচ্ছন্ন ছিল।

তিনি জানান, আগামী কয়েকদিন শীতের তীব্রতা অব্যাহত থাকতে পারে। এ অবস্থায় শিশু, বয়স্ক ও শ্রমজীবী মানুষের প্রতি বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।