• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই সফর, ১৪৪৮ হিজরি

ভোলায় ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলছে আক্রান্ত ৪১২, চিকিৎসাধীন ৩০

admin
প্রকাশিত আগস্ট ৩১, ২০১৯, ১৭:১৯ অপরাহ্ণ
ভোলায় ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলছে আক্রান্ত ৪১২, চিকিৎসাধীন ৩০

বিডি ক্রাইম ডেস্ক ॥ ভোলায় ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলছে। প্রতিদিন জেলার বিভিন্ন হাসপাতালে গড়ে ১০/১২ করে রোগী ভর্তি হচ্ছেন। বর্তমানে জেলার তিনটি হাসপাতালে ৩০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন।

শনিবার (৩১ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত নতুন করে আরও পাঁচজন রোগী ভর্তি হয়েছে।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যে জানা যায়, গত ৩১ দিনে জেলায় এ পর্যন্ত ৪১২ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে ৯২ জনকে ঢাকায় রেফার করা হয়েছে, বর্তমানে জেলায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ৩০ জন এবং বাকিরা চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।

চিকিৎসাধীনদের মধ্যে সদর হাসপাতালে ২৬ জন, চরফ্যাশনে তিনজন এবং তজুমদ্দিন হাসপাতালে একজন চিকিৎসাধীন। নতুন করে ভর্তি হয়েছেন আরও পাঁচজন রোগী।

ভোলার সিভিল সার্জন ডা. রথীন্দ্র নাথ মজুমদার বলেন, ভোলা সদর হাসপাতালসহ সব উপজেলা হাসপাতালে ডেঙ্গু রোগীর চিকিৎসা কার্যক্রম চলছে। ডেঙ্গু রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা থেকে আসা অর্ধেক হলেও বাকিরা স্থানীয়। স্থানীয়ভাবে কিছুটা ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে। ডেঙ্গু শনাক্তকরণ এন্টিজেন্ট ডিভাইস ও ওষুধ সরবরাহ রয়েছে সব হাসপাতালে।

এদিকে ডেঙ্গু মোকাবিলায় জেলা, উপজেলা পৌরসভার ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রয়েছে। স্বাস্থ্য বিভাগের ছয় শতাধিক কর্মী কাজ করছেন। গ্রাম-গঞ্জসহ গুরুপ্তপূর্ণ এলাকায় স্বাস্থ্যশিক্ষা প্রশিক্ষণ ছাড়াও সচেতনতা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এছাড়াও পৌর এলাকাসহ বিভিন্ন এলাকায় মশন নিধন অভিযান চলছে।
হঠাৎ করেই জেলায় ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন মানুষ। জ্বরে আক্রান্ত হলেই ডেঙ্গু পরীক্ষা করতে তারা ছুটছেন হাসপাতাল, ক্লিনিক ও বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে।