• ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৯শে সফর, ১৪৪৮ হিজরি

বোরহানউদ্দিনে ইমামকে অস্ত্রের মুখে জিম্মি করে বিএনপি নেতার বাড়িতে ডাকাতি

বিডিক্রাইম
প্রকাশিত আগস্ট ১২, ২০২৬, ১৯:১০ অপরাহ্ণ
বোরহানউদ্দিনে ইমামকে অস্ত্রের মুখে জিম্মি করে বিএনপি নেতার বাড়িতে ডাকাতি

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নে যুবদল নেতা আশিক চৌধুরীর বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। এ সময় মসজিদের ইমাম খায়রুর ইসলামকে অস্ত্রের মুখে জিম্মি করে খাটের সঙ্গে বেঁধে রেখে বাড়ির লোকজনকে মারধর করা হয় বলে অভিযোগ ভুক্তভোগীদের।

বুধবার (১২ আগস্ট) ভুক্তভোগী পরিবারের সদস্যরা সাংবাদিকদের জানান, গত পরশু রাত আনুমানিক আড়াইটায় একদল দুর্বৃত্ত বাড়িতে প্রবেশ করে। এ সময় বারান্দায় থাকা মসজিদের ইমাম খায়রুর ইসলামকে আটক করে খাটের সঙ্গে বেঁধে রাখা হয়। পরে আশিক চৌধুরী ও রাজিব চৌধুরীকে মারধর করে ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী নিয়ে যায়।

আশিক চৌধুরী পক্ষিয়া ইউনিয়নের বাটামারা এলাকার বাসিন্দা এবং ওই ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক।

রাজিব চৌধুরীর দাবি, ডাকাতরা তার দুটি চেইন, দুই জোড়া কানের দুল, দুটি আংটি, এক জোড়া রুপার নুপুর এবং দেড় লাখ টাকা নিয়ে গেছে।

স্থানীয় বাসিন্দা আসমত আলী বলেন, একই রাতে এই ওয়ার্ডের সাবেক এক মেম্বারের বাড়িতেও ডাকাত দল হামলার চেষ্টা করে। সেখানে চিৎকার-চেঁচামেচি শুরু হলে দুর্বৃত্তরা সৈয়দ মাকসুদুর রহমান চৌধুরীর বাড়িতে গিয়ে ইমামকে খাটের সঙ্গে বেঁধে অস্ত্রের মুখে ডাকাতি করে। এ ঘটনায় এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলেও জানান তিনি।

ইমাম খায়রুর ইসলাম ইন্দ্র নারায়ণপুর এলাকার আইয়ুব আলীর ছেলে। তিনি আশিক চৌধুরীদের নিজস্ব মসজিদ ও মাদ্রাসায় দায়িত্ব পালন করেন। সেই সুবাদে তিনি বাড়িটির বারান্দায় থাকতেন।

ভুক্তভোগীদের অভিযোগ, ঘটনাটি পুলিশকে জানানোর পর পরিবারের সদস্যদের হত্যার হুমকিও দেওয়া হয়েছে। ঘটনার পর থেকে পরিবারটির মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বোরহানউদ্দিন থানার কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সিসিটিভি ফুটেজ পুলিশের কাছে জমা রয়েছে। ফুটেজ পর্যালোচনা করে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।