• ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই সফর, ১৪৪৮ হিজরি

রোহিঙ্গা তরুণীকে বিয়ে না করায় যুবক খুন

admin
প্রকাশিত আগস্ট ২৬, ২০১৯, ১৪:৫৪ অপরাহ্ণ
রোহিঙ্গা তরুণীকে বিয়ে না করায় যুবক খুন

বিডি ক্রাইম ডেস্ক ॥ কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং শরণার্থীশিবিরে রহিম উল্লাহ নামের এক রোহিঙ্গা যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল রোববার রাতে শরণার্থীশিবিরের এক স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত রহিম উল্লাহ কুতুপালং শিবিরের ডি ব্লকের বাসিন্দা আবদুস ছালামের ছেলে। পুলিশ জানিয়েছে, এক রোহিঙ্গা তরুণীকে বিয়ে করতে অসম্মতি জানানোয় রহিম উল্লাহকে হত্যা করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল রাতে দুই নম্বর স্কুলের সামনে দাঁড়িয়ে ছিলেন রহিম উল্লাহ। এ সময় একই শিবিরের বাসিন্দা শহিদুল্লাহর নেতৃত্বে কয়েকজন যুবক হঠাৎ করে তাঁর ওপর হামলা চালায়। স্থানীয় রোহিঙ্গারা গুরুতর আহত রহিম উল্লাহকে উদ্ধার করে প্রথমে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে নয়টায় তাঁর মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনসুর বলেন, শহিদুল্লাহর ছোট বোনের সঙ্গে রহিম উল্লাহর বিয়ে হওয়ার কথা ছিল। গতকাল রোহিঙ্গা অনুপ্রবেশের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত মহাসমাবেশে যোগ দেন শহিদুল্লাহ ও রহিম উল্লাহ। সেখানে দুজনের মধ্যে বিয়ের কথা নিয়ে মনোমালিন্যের সৃষ্টি হয়। এরপর রাতে ছুরিকাঘাত করে রহিম উল্লাহকে হত্যা করা হয়।

নিহত যুবকের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শহিদুল্লাহসহ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।