• ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৭শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মুক্তিপণ দিয়ে স্কুল শিক্ষকের বাড়ি ফেরা

admin
প্রকাশিত মে ৬, ২০১৮, ১০:৩১ পূর্বাহ্ণ
মুক্তিপণ দিয়ে স্কুল শিক্ষকের বাড়ি ফেরা

নিজস্ব প্রতিবেদক।।
বরিশালের মুলাদী উপজেলার এক স্কুল শিক্ষককে অভিনব কৌশলে অপহরণের পর মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে। মুক্তিপণের টাকা দিয়ে শনিবার বাড়িতে ফিরেছেন শিক্ষক সেলিম আহমেদ। সেলিম আহমেদ মুলাদী উপজেলার বিডিসিএইচ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে কর্মরত রয়েছেন। তার বাড়ি উপজেলার নাজিরপুর এলাকায়।

স্কুলশিক্ষক সেলিম আহমেদ জানান, বৃহস্পতিবার তিনি স্কুল ছুটির পর বরিশাল সদরে যান। সেখানে নথুল্লাবাদ থেকে মাহেন্দ্রযোগে বিবিরপুকুর পাড় নামার সঙ্গে সঙ্গে দুইজন অপরিচিত লোক তার হাত থেকে মোবাইল ফোন কেড়ে নেয় এবং কোনো প্রকার চিৎকার দিলে মেরে ফেলার হুমকি দেয়। পরে অপরিচিতদের কথামতো সে চলতে থাকে। লোক দু’জন তাকে বরিশাল লঞ্চঘাটে নিয়ে একটি লঞ্চের মাস্টার কেবিনে ওঠায়। শুক্রবার সকালে তাকে ঢাকার সদরঘাটে লঞ্চ থেকে ট্রলার যোগে কেরানিগঞ্জের একটি বাসায় উঠিয়ে তার মোবাইল ফোন থেকে স্বজনের কাছে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। স্বজনরা বিভিন্ন ভাবে ৫৫ হাজার টাকা জোগাড় করে বিকাশের মাধ্যমে অপহরণকারীদের পাঠায়।

সেলিম আহমেদ জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে অপহরণকারীরা তাকে ছেড়ে দিলে তিনি লঞ্চযোগে শনিবার সকালে বাড়ি পৌঁছান।

অপরদিকে অপহরণকারীদের ফোন পেয়ে সেলিম আহমের স্ত্রী নাজমুন নাহার রীনা শুক্রবার বিকেলে মুলাদী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ডায়েরির সূত্রধরে পুলিশ র্যাব-পুলিশের সহযোগিতায় সেলিম আহমেদের মোবাইল ফোনের অবস্থান নিশ্চিত করেন। কিন্তু সকালে সেলিম আহমেদ বাড়ি ফেরায় পুলিশ ও জনমনে নানান প্রশ্ন দেখা দিয়েছে।

মুলাদী থানার ওসি জিয়াউল আহসান জানান, পুরো বিষয়টি রহস্যজনক। স্কুলশিক্ষক সেলিম আহমেদ বাড়ি ফিরলেও অপহরণের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।