• ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই সফর, ১৪৪৮ হিজরি

নির্বাচনের সময় পুলিশ ইসির নিয়ন্ত্রণে থাকবে : বরিশালে স্বরাষ্ট্রমন্ত্রী

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২৩, ১৮:১৯ অপরাহ্ণ
নির্বাচনের সময় পুলিশ ইসির নিয়ন্ত্রণে থাকবে : বরিশালে স্বরাষ্ট্রমন্ত্রী

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নির্বাচনের সময় পুলিশ নির্বাচন কমিশনের (ইসি) আওতাধীন থাকবে। নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে পুলিশ থাকবে। আমি আশা করি নির্বাচন কমিশন যেমন চাইবে পুলিশ তেমনই জনগণকে সেবা দেবে।

বৃহস্পতিবার দুপুর ১টায় বরিশাল জেলার মুলাদী মডেল থানার নবনির্মিত নিজস্ব ভবন উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গি যেখানেই থাকুক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের খুঁজে বের করবে। শুধু দক্ষিণাঞ্চল নয় সিলেটেও কয়েকজনের নাম এসেছে। আমাদের গোয়েন্দা সংস্থা ও পুলিশ তৎপর।

আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে যে আধুনিক পুলিশ বিনির্মাণ হচ্ছে তার সব সুযোগ সুবিধা এ থানায় থাকবে। এখানে নারী-শিশুসহ সব মানুষের আইনি সেবা নিশ্চিত করা হবে।

মন্ত্রী হেলিকপ্টারযোগে থানার পাশের একটি মাঠে সাড়ে ১২টায় অবতরণ করেন। এরপর পুলিশের সশস্ত্র সালাম গ্রহণ করেন। তিনি থানার ফলক উন্মোচন করে নবনির্মিত ভবন পরিদর্শন করেন। পরে থানার সামনে সুধী সমাবেশে অংশ নেন।

বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে অতিথি ছিলেন- বরিশাল ৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ, বরিশাল ৩ আসনের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু, বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ছাদেকুল আরেফিন, রেঞ্জ ডিআইজি আক্তারুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেনসহ পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যান এবং স্থানীয় দলীয় নেতারা।