• ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

কলাপাড়ায় ম্যানগ্রোভ প্রজাতির গাছ কেটে তোলা হচ্ছে স্থাপনা

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০১৯, ১৬:৫৩ অপরাহ্ণ
কলাপাড়ায় ম্যানগ্রোভ প্রজাতির গাছ কেটে তোলা হচ্ছে স্থাপনা

তানজিল জামান জয়,কলাপাড়া ॥ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর বন বিভাগের রেঞ্জ অফিসের সামনেই বেড়িবাঁধের বাইরের স্লোপ ঘেঁষে জন্মানো ম্যানগ্রোভ প্রজাতির বনের মধ্যে গাছ কেটে করা হচ্ছে বাড়িঘর। পানি উন্নয়ন বোর্ড কিংবা বন বিভাগ এরা কেউ এসব বন্ধে কার্যকর কোন পদক্ষেপ নেয়নি। স্থাপনা তোলার কাজ অব্যাহত। স্থানীয় নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, মহিলা মেম্বার বিউটি আকন, খাদিজা বেগমসহ পাঁচ প্রভাবশালী স্থাপনা তোলার কাজ চালিয়ে যাচ্ছে।

এক সময় গাছগুলো কেটে সাবাড় করে ফেলা হবে। এরা কেউ প্রাচীন ম্যানগ্রোভ প্রজাতির এ গাছ কাটে আবার কেউ ওই বাগানের মধ্যেই নির্মাণ করছে স্থাপনা। স্থাপনা তোলার কাজ চললেও বন বিভাগ রয়েছে চুপচাপ। বন বিভাগ মহিপুর রেঞ্জের কর্মকর্তা আবুল কালাম আযাদ জানান, ওই জায়গা পানি উন্নয়ন বোর্ডের। তবে ম্যানগ্রোভ প্রজাতির গাছ রক্ষার চেষ্টা করছেন। একজনের খুঁটি নিয়ে আটকে রেখেছেন। পানি উন্নয়ন বোর্ড কলাপাড়ার নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান জানান, তিনি খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নিচ্ছেন।

স্থানীয়রা জানান, বন বিভাগ ও পাউবোর চরম উদাসীনতায় মহিপুর বন্দর থেকে খালগোড়া পর্যন্ত বেড়িবাঁধের স্লোপের এসব ম্যানগ্রোভ প্রজাতির শত শত গাছপালা কেটে সেখানে অসংখ্য ঘরবাড়ি তোলা হয়েছে। সাধারণ মানুষ এও জানান, এই গাছগুলো জলোচ্ছ্বাসের প্রাথমিক ঝাঁপটা থেকে বেড়িবাঁধ রক্ষা করে। রক্ষা পায় মানুষের জীবন ও সম্পদ।