বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বিগত ফ্যাসিস্ট সরকার দেশের অর্থনীতি পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। এ গোষ্ঠীর কারণেই আজ দেশের ব্যাংকগুলোয় টাকা নেই বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে পিরোজপুরের নেছারাবাদ উপজেলা পরিষদের নবনির্মিত সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে নিজ বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার দেশের অর্থনীতিকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। তারা উন্নয়নের কথা না ভেবে কেবল ব্যক্তিগত স্বার্থে পকেট ভারী করেছে এবং সরকারি বরাদ্দের কাজ না করে টাকা আত্মসাৎ করেছে। তাদের সেই অপকর্মের ফলে আজ ব্যাংকে টাকা নেই, যার কারণে আমরা এক কঠিন সময় পার করছি।
প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি সরকারি ভবনে ঐতিহ্যগত বিদ্যুতের বদলে সোলার সিস্টেম ব্যবহারের দিকনির্দেশনা দিয়েছেন উল্লে করে আহম্মদ সোহেল মনজুর বলেন, বিদ্যুৎ আমাদের জাতীয় সম্পদ, তাই এতে সাশ্রয়ী হওয়া প্রতিটি নাগরিকের দায়িত্ব। সবার সদিচ্ছা থাকলে বিদ্যুতের এই সাময়িক সংকট দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব।
পিরোজপুর-২ আসনের এ সংসদ সদস্য বলেন, আমরা ক্ষমতায় আসার পরে বৈশ্বিক সমস্যার জন্য তেল ও গ্যাসের সমস্যা দেখা দিয়েছিল সেগুলো কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি। আশা করি সুদূর ভবিষ্যতে তেল ও গ্যাস নিয়ে আর কোনো সমস্যা হবে না।
সোহেল মনজুর আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিপদে ফেলে ভারতে পালিয়েছে। যদি বাংলাদেশে প্রত্যাবর্তনের চিন্তা মাথায় থাকতো তাহলে তিনি কখনোই ভারতে পালিয়ে যেতেন না। যারা মনে করছেন তিনি বাংলাদেশে ফিরে আসবেন! তারা দিবা স্বপ্ন দেখছেন! শেখ হাসিনাকে আইনের মাধ্যমেই সর্বোচ্চ বিচারের আওতায় এনে রায় কার্যকর করবে বিএনপি সরকার। তাই মিথ্যে অনলাইন হুংকারে কেউ বিভ্রান্ত হবেন না।
নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্তের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হান মাহমুদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান, নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ফকরুল আলম, স্বরূপকাঠি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও মেয়র মো. শফিকুল ইসলাম ফরিদ, স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি কাজী মো. কামাল হোসেন, সাধারণ সম্পাদক মো. মইনুল হাসান, নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. আল বেরুনী সৈকত ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. নাসির উদ্দিন তালুকদার প্রমুখ।