• ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বরিশালে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ১৭, ২০২৬, ১৯:৩৪ অপরাহ্ণ
বরিশালে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পুলিশ হত্যার বিচারের দাবীতে বরিশাল নগরীর প্রাণকেন্দ্র সদর রোডে বিক্ষোভ মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ।

শুক্রবার (১৭ এপ্রিল) জুমার নামাজ শেষে ছাত্রলীগের ব্যানারে একদল কর্মী ঝটিকা মিছিল করে। আকস্মিক এ মিছিল ঘিরে এলাকায় উত্তেজনা তৈরি হলেও পুলিশ পৌছানোর পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা আড়াইটার দিকে ছাত্রলীগের ব্যানার নিয়ে একটি মিছিল নগরীর বিবির পুকুর এলাকা থেকে শুরু হয়ে কাকলির মোড়ের ট্রাফিক পুলিশ বক্সের সামনে দিয়ে অগ্রসর হয়।

এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেয়। ব্যানারে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পুলিশ হত্যার বিচার দাবির কথা উল্লেখ ছিল।

ব্যানারে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, সজিব ওয়াজেদ জয়, জেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্রঅহ ও বরিশাল মহানগর আওয়ামীলেিগর সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর ছবি দেখা যায়।

মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের অধিকাংশের মুখে সার্জিক্যাল মাস্ক আবার কারও মুখ কালো কাপড়ে ঢাকা ছিল। চোখে চশমা পরা থাকায় তাদের শনাক্ত করাও কঠিন ছিল।

প্রত্যক্ষদর্শীদের মতে, মিছিলে প্রায় অর্ধশত কর্মী অংশ নেন। কিছু সময় সড়কে অবস্থান নিয়ে স্লোগান দেওয়ার পর মিছিলটি দ্রুত আশপাশের গলিতে ছড়িয়ে পড়ে। কয়েক মিনিটের মধ্যেই অংশগ্রহণকারীরা এলাকা ত্যাগ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজিব হোসেন খানের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ঘটনার সময় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি না থাকলেও খবর পেয়ে তারা পৌছালে আর কাউকে পাওয়া যায়নি। এ ধরনের ঝটিকা কর্মসূচি নিয়ে প্রত্যক্ষদর্শীদের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মো. আল মামুন-উল ইসলাম বলেন, জুমার নামাজের পর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কতিপয় কর্মী সদর রোডে ঝটিকা মিছিল করেছে।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছানোর আগেই তারা দ্রুত সটকে পড়েন। এই বিষয়ে পুলিশ বেশ তৎপর। মিছিলকারীদের চিহৃত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।