• ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই সফর, ১৪৪৮ হিজরি

বরিশালে ‘গোপন’ বৈঠক থেকে ছাত্রলীগ সন্দেহে ৪ শিক্ষার্থী গ্রেপ্তার

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ৪, ২০২৬, ১৮:১৫ অপরাহ্ণ
বরিশালে ‘গোপন’ বৈঠক থেকে ছাত্রলীগ সন্দেহে ৪ শিক্ষার্থী গ্রেপ্তার

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরিশাল নগরীর রূপাতলী এলাকায় গোপন বৈঠকের অভিযোগে চার শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার রাতে রূপাতলী হাউজিং এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার তাদের বরিশাল অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হলে বিচারক মোহাম্মদ মিরাজুল ইসলাম রাসেল শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বলে কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম জানান।

গ্রেপ্তাররা শিক্ষার্থীরা হলেন- মুয়ীদুর রহমান বাকি (৩৩), মাহমুদুল হাসান তমাল (২৬), রাকিব হাসান রনি (৩০) এবং আকরাম খান ইমন (২৭)। তারা বরিশাল সদর আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জাহিদ ফারুক শামীমের অনুসারী বলে অভিযোগ রয়েছে।

বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানের করা মামলায় তাদের আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, তারা গোপন বৈঠকের মাধ্যমে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম সক্রিয় করার চেষ্টা করছিলেন এবং বাদী ও সাক্ষীদের ভয়ভীতি দেখান।

বাদী মিজানুর রহমান দাবি করেন, নগরীর রূপাতলি হাউজিংয়ের ২২ নম্বর রোডে ছায়া নিকেতন বাসভবনে তারা একত্রিত হয়ে সংগঠনের কার্যক্রম চালানো ও বিএনপি সরকার পতন করার পরিকল্পনা করছিলেন। খবর পেয়ে তিনি অন্যদের নিয়ে বাসাটি ঘিরে পুলিশকে জানান। পরে পুলিশ এসে তাদের আটক করে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন মাহমুদুল হাসান তমাল। তার দাবি, কিছু শিক্ষার্থী তার বাসায় এসে চাঁদা দাবি করলে তিনি বাধা দেন। এ কারণেই তাকে মামলায় জড়ানো হয়েছে।