• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে সফর, ১৪৪৮ হিজরি

বরিশালে প্রবাসীর বাড়িতে ডাকাতি, কোরআন ছুঁইয়ে গোপন রাখার শপথ

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ১৭:৫৫ অপরাহ্ণ
বরিশালে প্রবাসীর বাড়িতে ডাকাতি, কোরআন ছুঁইয়ে গোপন রাখার শপথ

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরিশালের বাকেরগঞ্জে এক প্রবাসীর বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা চলে যাওয়ার সময় ঘটনাটি প্রকাশ না করতে পরিবারের সদস্যদের হাতে কোরআন শরীফ ধরিয়ে শপথ করায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

সোমবার দিবাগত রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে রঙ্গশ্রী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাহাদুরপুর গ্রামে লেবানন প্রবাসী লিটন গাজীর বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ঘরে তার বৃদ্ধ মা, স্ত্রী রোজিনা ও ছোট মেয়ে ছিলেন।

ভুক্তভোগীদের ভাষ্য, দরজায় শব্দ পেয়ে কে জানতে চাইলে ৭ থেকে ৮ জন মুখোশধারী দুর্বৃত্ত দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা পরিবারের সদস্যদের মুখ চেপে ধরে হাত-পা বেঁধে ফেলে এবং অস্ত্র ঠেকিয়ে চুপ থাকতে বলে। কথা বলতে গেলে মারধরও করা হয় বলে অভিযোগ করেন তারা।

পরিবারের দাবি, স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা। যাওয়ার সময় তারা কোরআন শরীফ ছুঁইয়ে শপথ করায়, যাতে ঘটনাটি কোথাও প্রকাশ না করা হয়। এমনকি বিষয়টি জানালে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে বলে জানান ভুক্তভোগীরা। এতে পরিবারটি চরম আতঙ্কে রয়েছে এবং জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেছে।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম সোহেল রানা বলেন, ‘ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে।