বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ নাগরিক সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ না করে বরিশাল সিটি কর্পোরেশনের উচ্চ বিলাসী প্রকল্প বাতিলের’ দাবিতে বৃহস্পতিবার গণসংহতি আন্দোলন বরিশাল জেলা শাখার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গণসংহতি আন্দোলন বরিশাল জেলার সমন্বয়ক দেওয়ান আবদুর রশিদ নীলু।
তিনি অভিযোগ করেন, বরিশাল সিটি কর্পোরেশন পর্যটন কেন্দ্র কুয়াকাটায় রিসোর্ট তৈরির লক্ষ্যে ১৭ কোটি টাকা ব্যয়ে ৭.৩২ শতাংশ জমি ক্রয় করেছে।
এছাড়া ৫ কোটি টাকা ব্যয়ে বায়না দলিল সম্পন্ন হয়েছে। অথচ সিটি কর্পোরেশনের বর্তমান দেনা ৩৮৪ কোটি টাকা।
দেওয়ান আবদুর রশিদ নীলু বলেন, “ঠিকাদাররা পাবেন ৩০০ কোটি টাকা, বিদ্যুৎ বিভাগ ৬৪ কোটি টাকা এবং ২০ কোটি টাকা পাবেন অবসরপ্রাপ্ত ও চাকুরী হারানো নিম্ন বেতনভুক্ত কর্মচারীরা। কর্মরতদের মধ্যে বেতন বৈষম্যের কারণে অসন্তোষ রয়েছে। একই সঙ্গে নগরীর বর্জ্য ব্যবস্থাপনা, পরিবহন, ড্রেনেজ ও পয়নিষ্কাশন ব্যবস্থা, মশক নিধণ ও ডেঙ্গু প্রতিরোধ ব্যবস্থা ভঙ্গুর অবস্থায় রয়েছে। বর্জ্য অপসারণে নিয়োজিত কর্মচারীদের জন্য কোনো নিরাপত্তা সরঞ্জাম নেই, যা তাদের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে।”
তিনি আরও বলেন, “নগরবাসীর জন্য কোটি টাকা ব্যয়ে নির্মিত ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এখনও চালু হয়নি। নগরীর কিছু এলাকা সামান্য জোয়ারেই প্লাবিত হয়। এই অবস্থায় কোটি কোটি টাকা ব্যয় করে রিসোর্ট তৈরির প্রকল্প গ্রহণকে আমরা উদ্দেশ্যপ্রণোদিত মনে করি।”
দেওয়ান আবদুর রশিদ নীলু জানান, তারা মহামান্য হাইকোর্টে এ প্রকল্প বাতিলের রিট আবেদন করলে আদালত গত ১৭ নভেম্বর বিষয়টি আমলে নিয়ে সিটি কর্পোরেশনের জমি ক্রয়ের ওপর আগামী ৬ মাসের স্থগিতাদেশ দিয়েছেন।