• ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ভোলায় সার কারখানা স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শনে ৩ উপদেষ্টা

বিডিক্রাইম
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২৫, ১৭:৫৮ অপরাহ্ণ
ভোলায় সার কারখানা স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শনে ৩ উপদেষ্টা

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ ভোলায় পাওয়া প্রাকৃতিক গ্যাস কাজে লাগিয়ে সেখানে ইউরিয়া সার কারখানা স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টা।

শুক্রবার দুপুরে প্রথমে জেলার ভেদুরিয়া ফেরিঘাট সংলগ্ন তেতুলিয়া নদী তীর এলাকায় একটি জায়গা এবং পরে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আমিনাবাদ ইউনিয়নে আরেকটি জায়গা পরিদর্শন করেন তারা।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, “আমরা দুটি জায়গা দেখলাম, এর মধ্যে ফিজিবল যেটা সেটা আমরা নেব। তবে চেষ্টা করব, নতুন কোনো জায়গা যেন অধিগ্রহণ করতে না হয়।

বিভিন্ন জেলায় তো অধিগ্রহণ করা খাস জমি আছে, ওইটাই যেন আমরা কাজে লাগাতে পারি সেজন্য আরেকটু পরীক্ষার দরকার আছে।

তিনি বলেন, দেশের অনেক জায়গায় গ্যাস পাওয়া যাচ্ছে না, তবে ভোলায় পাওয়া যাচ্ছে। এ গ্যাসকে দেশের কাজে লাগাতে সরকার সার কারখানা স্থাপনের পরিকল্পনা নিয়েছে। সম্ভাব্য জায়গা দেখতে তারা পরিদর্শে এসেছেন।

শিল্প উপদেষ্টা ছাড়াও এ সময় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং বাণিজ্য মন্ত্রণালয় শেখ বশির উদ্দিন উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপদেষ্টাদের নিজ নিজ মন্ত্রণালয়ের সচিব এবং ভোলার জেলা প্রশাসক মো. আজাদ জাহানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে বোরহানউদ্দিন উপজেলায় অবস্থিত শাহবাজপুর গ্যাসক্ষেত্র পরিদর্শন করেন উপদেষ্টারা।