• ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

আমতলীতে সড়ক দূর্ঘটনায় ইজিবাইক চালক নিহত

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৭, ২০১৯, ১৫:২৭ অপরাহ্ণ
আমতলীতে সড়ক দূর্ঘটনায় ইজিবাইক চালক নিহত

আমতলী প্রতিনিধি ॥ আমতলী-কুয়াকাটা মহাসড়কের আমতলীর বান্দ্রা বাসষ্ট্যান্ডে কুয়াকাটাগামী সাকুরা পরিবহন ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক শহীদ সিকদার (৪৫) নিহত হয়েছে। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে। শহীদ আমতলী পৌরসভার ৫নং ওয়ার্ডের কাদের সিকদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানাগেছে, শহীদ সিকদার শনিবার সকালে কলাপাড়া থেকে ইজিবাইক নিয়ে আমতলীতে ফিরছিল। পথিমধ্যে আমতলী-কুয়াকাটা মহাসড়কের আমতলীর বান্দ্রা বাসষ্ট্যান্ড সংলগ্ন বাক ঘুরতে গিয়ে কুয়াকাটাগামী সাকুরা পরিবহন (ঢাকা মোট্রো-ব-১১৪৫৯৩) ও ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ইজিবাইকটি দুমড়ে-মুরচে যায় এবং চালক শহীদ সিকদার গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। খবর পেয়ে আমতলী থানা পুলিশ কলাপাড়া থেকে ঘাতক বাসটি আটক করেছে। এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। এ ঘটনায় আমতলী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহত শহীদ সিকদারের বাড়ী আমতলী পৌরসভার ৫ নং ওয়ার্ডের সবুজবাগ এলাকায়।
নিহত শহীদ সিকদারের ছোট ভাই মোঃ শাহীন সিকদার বলেন, শহীদ খুব সকালে লঞ্চের যাত্রী নিয়ে কলাপাড়া যায়। ওই যাত্রী রেখে আমতলী ফেরার পথে সাকুরা পরিবহন তার ইজিবাইকের উপরে তুলে দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকটি দুমড়ে মুরচে যায় এবং ভাই গুরুতর আহত হয়। এবং হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল বাশার সড়ক দূর্ঘটনায় ইজিবাইক চালকের নিহতের কথা স্বীকার করে বলেন, ঘাতক বাসটি আটক করেছি এবং এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।