• ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

২৪ ঘণ্টার ব্যবধানে আবারও মাঠে বরিশাল

বিডিক্রাইম
প্রকাশিত জানুয়ারি ১৪, ২০২৩, ১৩:০১ অপরাহ্ণ
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও মাঠে বরিশাল

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ ২৪ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো মাঠে নামবে ফরচুন বরিশাল। চট্টগ্রাম পর্বে এমনটাই সূচি সাকিব আল হাসানদের। বন্দরনগরীতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারানোর পর, এবার প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

এবারের টুর্নামেন্টে হার দিয়ে শুরুর পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বরিশাল। রংপুর এবং চট্টগ্রামকে হারিয়ে টানা দুই জয়ে, টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে সাকিব আল হাসানের দল।

তবে কুমিল্লার বিপক্ষে অনেকটা নির্ভার হয়েই খেলতে নামবে বরিশাল। বর্তমান চ্যাম্পিয়নরা এখনো নিজেদের প্রথম জয়ের দেখা পায়নি। টানা দুই হারে, টেবিলের তলানিতে নেমে গেছে ভিক্টোরিয়ান্সরা।

এই ম্যাচে দাউইদ মালান-ফজল হক ফারুকীদের মতো বিদেশি ক্রিকেটারদের পাচ্ছে না কুমিল্লা। তাদের সঙ্গে গ্রুপ পর্বের মাত্র দুই ম্যাচের চুক্তি করেছিল তিনবারের চ্যাম্পিয়নরা। অবশ্য সে ক্ষতি পুষিয়ে নিতে, জনসন চার্লস-হাসান আলীরা এরই মধ্যে দলটিতে যুক্ত হয়েছেন। বরিশালের বিপক্ষে শুরুর একাদশেই দেখা যেতে পারে তাদের।

অন্যদিকে দিনের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রতিপক্ষ ঢাকা ডমিনেটর্স। ফরচুন বরিশালের কাছে হারের পর, নিজেদের মাঠে প্রথম জয়ের খোঁজে শুভাগত হোমের দল।

এবারের টুর্নামেন্টটা ভালো যাচ্ছে না চ্যালেঞ্জার্সদের। হার দিয়ে শুরুর পর খুলনার বিপক্ষে জয় তুলে নেয় তারা। এরপর আবার বরিশালের বিপক্ষে ছন্নছাড়া দলটি। সেখান থেকে ঘুরে দাঁড়াতে ঢাকার বিপক্ষে জয়ের বিকল্প নেই তাদের।

আরও পড়ুন: শোয়েবের কাঁধে চড়ে জিতল রংপুর, খুলনার টানা তৃতীয় হার

এদিকে জয়ের দিকে চোখ থাকবে ঢাকার-ও। জয় দিয়ে শুরুর পর সিলেটের কাছে হার বড় ধাক্কা দিয়েছে নাসির হোসেনদের। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে চট্টগ্রাম পর্বটা জয় দিয়ে শুরু করতে চায় টিম ডমিনেটর্স।