নিজস্ব প্রতিবেদক ॥
বরিশাল নগরীর ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের কোন কমিটি নেই। আরো আগেই এই কমিটি বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু বিলুপ্ত কমিটির সাধারন সম্পাদক হুমায়ুন শিকদার এখনও আওয়ামী লীগের সাধারন সম্পাদক পরিচয় দিয়ে এলাকায় বিভিন্ন ধরণের অর্থনৈতিক ফাঁয়দা লুটে আসছে বলে অভিযোগ রয়েছে।
সূত্র জানায় ১৩ নং ওয়ার্ডের শিকদার পাড়ার মুখে পানির ট্যাঙ্কি লাগোয়া আওয়ামী লীগের বিলুপ্ত কমিটির অফিসে রড সিমেন্ট এর ব্যবসা করছেন হুমায়ুন শিকদার অভিযোগ রয়েছে- পাশ্ববর্তী ব্যবসায়ী হুমায়ুনের কাছ ধার হিসেবে ৩০ হাজার টাকা নেয় হুমায়ুন শিকদার। পরবর্তীতে টাকা চাইলে তখন বিলুপ্ত কমিটির নেতা হুমায়ুন শিকদার তাকে বলেন- তুমি কোন টাকা পাবা না, কারণ শিকদার পাড়ায় ব্যবসা করতে গেলে টাকা দিতে হবে।
পাশাপাশি এলাকায় নতুন ভবন যারা নির্মাণ করেন,তাদেরকে হুমকী দিয়ে বলেন ভবন নির্মাণে যা প্রয়োজন আমার এখান থেকে কিনতে হবে। এছাড়া এই হুমায়ুন শিকদারের বিরুদ্ধে নারী নেত্রী বানোনোর কথা বলে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। এসব প্রসঙ্গে বরিশাল সিটি মেয়রের আশু দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগীরা।