বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ অলরাউন্ডার সাকিব আল হাসানের নেতৃত্বে ফরচুন বরিশাল রয়েছে পয়েন্ট টেবিলের উপরের দিকে। আর শুভাগত হোমের নেতৃত্বে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অবস্থা বেশ নাজুক। সাত দলের মধ্যে এই মুহূর্তে চট্টগ্রাম সবার শেষে। তালিকার প্রথম ও শেষ সারির এই দুই দলের ম্যাচটি গড়াবে সন্ধ্যায়।
শুক্রবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ৭ ম্যাচে ৫ জয় ও ২ হার দিয়ে ১০ পয়েন্ট নিয়ে সাকিবের বরিশাল রয়েছে তালিকার দ্বিতীয়তে। আর সমান ম্যাচ খেলে ২ জয় ও ৫ হার দেখা চট্টগ্রামের পয়েন্ট মাত্র ৪। অবস্থান সবার শেষে।
চট্টগ্রামের বিপক্ষ ম্যাচটি জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা সিলেট স্ট্রাইকার্সের সঙ্গে টিকে থাকতে চায় বরিশাল। তাই জয় ভিন্ন বিকল্প ভাবনা নেই দলটির। এজন্য চায়ের রাজ্যে আরও সতেজ হয়ে ওঠার অপেক্ষায় ফরচুন শিবির।
ফরচুন বরিশালের পেসার মোহাম্মদ ওয়াসিম বলেন, ‘সিলেটেও আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। অবশ্যই ম্যাচটা জিততে চাই। ইফতেখার দারুণ ফর্মে আছে। আশা করি, এ ম্যাচেও দারুণ পারফর্ম করবে সে। আমিও চেষ্টা করছি।’
এ দিকে সিলেটের নান্দনিক স্টেডিয়ামে রানের বন্যা বইয়ে দিতে প্রস্তুত বরিশাল। দলটির অধিনায়ক সাকিব এবারের টপ স্কোরার। এ আসরের তিন সেঞ্চুরিয়ানের একজন মোহাম্মদ ইফতিখারও বরিশালের স্কোয়াডে। পাশাপাশি রয়েছেন বল হাতে আগুন ঝরানো পাকিস্তানি পেসার মোহাম্মদ ওয়াসিম। সব মিলিয়ে দারুণ ছন্দে রয়েছে সাকিবের দল।
অন্যদিকে প্রতিপক্ষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অবস্থা করুণ। আফিফ ছাড়া তারকা ক্রিকেটার নেই বললেই চলে। ব্যাটিংয়ে আফিফ-উসমান ছাড়া কেউই পারছেন না আস্থার প্রতিদান দিতে। আর বোলিং পারফরম্যান্স রীতিমতো যাচ্ছেতাই।
নবম আসরে প্রথম দেখায় ফরচুন বরিশালের কাছে হেরেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। পয়েন্ট টেবিলে সবার নিচে থাকা দলটি এবার কি আসরের ফেবারিটদের হারাতে পারবে? সে প্রশ্নের উত্তর পেতে হলে অপেক্ষা করতে হবে ম্যাচ শেষ হওয়া পর্যন্ত।