বিডি ক্রাইম ডেস্ক ॥ ধর্ষণ, ধর্ষণ পরবর্তী হত্যা ও যৌন অত্যাচারসহ সকল সহিংসতার বিরুদ্ধে আমরা এই স্লোগানে বরিশালে সকাল ১১.০০টায় নগরীর অশ্বিনী কুমার (টাউন) হল এর সম্মূখে নারীপক্ষের আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশন এর সংরক্ষিত মহিলা কাউন্সিলর কোহিনুর বেগম, বিএমকেএস এর নির্বাহী পরিচালক কাউছার পারভীন, শুভ এর নির্বাহী পরিচালক হাসিনা বেগম নিলা, ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস এর সম্বন্বয়কারী সোহানুর রহমান ও এনজিও প্রতিনিধি মো: জাহিদুল ইসলাম ছাড়াও উপস্থিত ছিলো ইয়ুথ নেট এবং তারুন্যের কন্ঠস্বর প্লাটফর্মসহ আগত তরুন তরুনীরা।
নারী ও শিশুর উপর সহিংসতা নতুন কোন বিষয় নয়। এর মোকাবেলায় সরকারি-বেসরকারি নানা উদ্যোগও চলমান আছে, তবে নারীর উপর সহিংসতা দমনে রাষ্ট্র এতটাই ব্যর্থ যে সহিংসতা এখন মহামারী আকার ধারণ করেছে। শিশু থেকে বৃদ্ধ সকল বয়সের নারী যৌন সহিংসতা ও ধর্ষণের শিকার হচ্ছে; ছেলে শিশুরাও বলাৎকার থেকে রেহাই পাচ্ছে না। কেউ কেউ বলছেন, বাংলাদেশে ধর্ষণ ও ধর্ষণ করে হত্যার মহোৎসব চলছে।
ঘরে, বাইরে, রাস্তাঘাটে, যানবাহনে, কর্মক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিনিয়ত ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণ, ধর্ষণের পর হত্যা, ধর্ষণ চেষ্টা বা যৌন হয়রানি, উত্যক্তকরণ, এসিড আক্রমণসহ নানাবিধ সহিংসতার শিকার হচ্ছে নারী ও শিশু।
পরিবার, সমাজ, এমনকি রাষ্ট্র এবং আইন-শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত ব্যক্তির কাছেও নিরাপদ নয়। নারী ও শিশুর প্রতি যৌন সহিংসতায় সকলকে আহবান করা হয়-
নারী ও শিশুর উপর সকল সহিংসতার বিরুদ্ধে জোরালো অবস্থান নির্মান করি। – দেশে আইনের শাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় উদ্যোগীও ঐক্যবদ্ধ হই। – সহিংসতার শিকার নারী ও শিশুকে সকল সেবা পেতে সাহায্য করি। – সহিংসতার ঘটনা লুকিয়ে না রেখে অভিযোগ দাখিল করতে সাহায্য করি – নারীর উপর যৌননির্যাতন ও ধর্ষণ নারীর জন্য লজ্জা না বরং নির্যাতনকারীর লজ্জা, তাই যৌন নির্যাতন ও ধর্ষণের শিকার নারীকে দোষারোপ করার চর্চা বন্ধ করি। – ভোগ্যবস্তু নয় নারীকে মানুষ ভাবি। সবাইকে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আহবান করা হয়। নারী ও শিশুর উপর যেকোন ধরনের নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হবো এবং রুখে দাঁড়াব; কোন অবস্থায়ই আমরা সঙ্কুচিত হব না, ভীত হব না, পিছপা হব না। আর একজন নারীকেও ধর্ষণের শিকার হতে দেব না, একজন পুরুষকেও ধর্ষক হতে দেব না।