বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরিশাল জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীরা ১৬ পদে সবাই জয় পেয়েছেন। শুক্রবার ভোর রাতে নির্বাচন উপ-পরিষদের আহবায়ক এসএম সাদিকুর রহমান লিংকন ফলাফল ঘোষণা করেন। এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়।
ঘোষিত ফলাফলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত নীল প্যানেলের প্রার্থী আবুল কালাম আজাদ সভাপতি ও সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ ইমনসহ ১৬টি পদের সবাই বিজয়ী হয়েছেন। তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন জামায়াত সমর্থিত সবুজ প্যানেলের প্রার্থীরা।
নির্বাচনে সভাপতি পদে নীল প্যানেলের দলের মো. আবুল কালাম আজাদ ৪৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সবুজ প্যানেলের মো. সালাউদ্দিন মাসুম পেয়েছেন ৩০৪ ভোট। সহ-সভাপতি পদে নীল প্যানেলের শেখ মেহেদী হাসান শাহীন ৪৮৯ ভোট এবং সৈয়দ মাসুম মিয়া রেজা ৪২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
সাধারণ সম্পাদক নীল প্যানেলের আবুল কালাম আজাদ ইমন ৪৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী শেখ ইমরান কবির মাসুদ পেয়েছেন ৩৩৬ ভোট এবং সবুজ প্যানেলের প্রার্থী মো. ফরিদ উদ্দিন পেয়েছেন ২৮৫ ভোট। অর্থ-সম্পাদক পদে মো. জাহিদুল ইসলাম পান্না ৪৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। যুগ্ম-সম্পাদকের দুটি পদে মো. তারেক আল ইমরান ৪৬২ ভোট এবং সাইদুর রহমান সোহেল ৪০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
নির্বাহী সদস্যের চারটি পদে নীল প্যানেলের মো. হারুন অর রশিদ ৬৭৫, গোলাম মোর্তজা তপু ৫১৫ ভোট, পারভেজ বেপারী ৪৪৯ ভোট এবং মো. সাইফুল আলম ৪০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে ।
নির্বাচন উপ-পরিষদের আহ্বায়ক এস এম সাদিকুর রহমান লিংকন বলেন, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ করা হয়। নির্বাচনে নীল ও সবুজ নামে দুইটি প্যানেল অংশগ্রহণ করে। এবারের নির্বাচনে ৯৭৩ জন ভোটারের মধ্যে ৬৭৮ জন ভোট দিয়েছেন।
তবে এবারের নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ এবং বামপন্থী আইনজীবীরা প্রতিদ্বন্দ্বিতা করেননি। এমনকি বৃহস্পতিবার তাদের ভোট দিতে কেন্দ্রে আসতেও দেখা যায়নি। যদিও এবারের নির্বাচনে আওয়ামীপন্থী আইনজীবীদের নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি বলে অভিযোগ নির্বাচন উপ-পরিষদ ও বিএনপিপন্থী আইনজীবীদের বিরুদ্ধে আদালতে মামলাও হয়।