স্টাফ রিপোর্টার ॥
বরিশালে পিকআপের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় আরো এক আরোহী গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার দুপুরের দিকে বরিশাল-ঝালকাঠি মহাসড়কের রূপাতলী এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত যুবক রায়হান হাওলাদার (৩০) ঝালকাঠির কীর্ত্তিপাশা গ্রামের আলী মিয়ার ছেলে এবং একটি সিগারেট কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
ঘটনাস্থলের স্থানীয় বাসিন্দারা জানান, র্যাবের পিক আপের ধাক্কায় ওই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
কোতয়ালী মডেল থানা পুলিশের ওসি নুরুল ইসলাম বিডি ক্রাইমকে বলেন, একটি ভাড়ায় চালিত মোটর সাইকেলে সেলসম্যান রায়হান সহ দু’জন বরিশাল নগরীর দিকে যাচ্ছিলো। পথিমধ্যে কোনো একটি অজ্ঞাত যানের সাথে মোটরসাইকেলটির ধাক্কা লেগে দুর্ঘটনা কবলিত হয়। এতে মোটরসাইকেল আরোহী দু’জন গুরুতর আহত হয়। তাদের শেবাচিম হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধিন অবস্থায় রায়হানের মৃত্যু হয়।
র্যাবের গাড়ির ধাক্কায় দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, আমরাও এমনটি শুনেছি। তবে বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত নই। এমনকি একই কথা জানিয়েছেন শেবাচিম হাসপাতালে ওসি’র সাথে উপস্থিত থাকা র্যাব-৮ এর কর্মকর্তারা।