• ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বরিশালে সেনাবাহিনীর অভিযানে তিনজন আটক

বিডিক্রাইম
প্রকাশিত জানুয়ারি ২৬, ২০২৬, ১৪:৫৮ অপরাহ্ণ
বরিশালে সেনাবাহিনীর অভিযানে তিনজন আটক

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। এ সময় এক মাদক ব্যবসায়ী, তার স্ত্রী ও এক মাদক সেবনকারীসহ তিনজনকে আটক করা হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বকসিচর এলাকায় বরিশাল ক্যাডেট কলেজ আর্মি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর ফয়সল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযানে পরিত্যক্ত দোকান ও বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা, একটি চাইনিজ কুড়াল, একটি রাম দা, দুটি দা, দুটি চাপাতি, তিনটি চাকু, একটি হ্যামার, একটি সিজার, একটি প্লাস, পাঁচটি বাটন মোবাইল ফোন, একটি স্মার্টফোনসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদী উদ্ধার করা হয়।

এ সময় ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী জুয়েল হাওলাদার কালা (৩২), তার স্ত্রী রোকসানা আক্তার (৩০) এবং মাদক সেবনকারী মোহাম্মদ হোসেন ঢালীকে (৩৩) আটক করা হয়।

আটক জুয়েল হাওলাদার বকসিচর গ্রামের মৃত রহিম হাওলাদারের ছেলে। অপরজন হাতিয়া এলাকার বাসিন্দা। পরে আটক ব্যক্তিদের ও উদ্ধারকৃত মালামাল আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।