বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরিশালের উজিরপুর উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সৈয়দ ইউসুফের মামলা বাণিজ্য, চাঁদাবাজি ও ভূমিদস্যুতার বিচারের দাবিতে তার হাতে নির্যাতনের শিকার একাধিক পরিবার ও এলাকাবাসী মানববন্ধন করেছেন।
রবিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উজিরপুর উপজেলা পরিষদ চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালীন একাধিক ব্যক্তিরা অভিযোগ করে বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে অদ্যাবধি সৈয়দ ইউসুফ দলের প্রভাব বিস্তার করে দখল, চাঁদাবাজি ও মামলা বাণিজ্য করে এলাকার নিরীহ মানুষকে হয়রানি করে আসছে।
কারণে অকারণে প্রতিবেশীসহ এলাকার নিরীহ মানুষকে রাজনৈতিক মামলায় আসামি করে বাণিজ্য করে আসছে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে সৈয়দ ইউসুফ তার সহযোগীদের নিয়ে একের পর এক অপকর্ম করে আসছে।
মানববন্ধনে অংশগ্রহণ করে সৈয়দ ইউসুফের চাচাতো ভাই সৈয়দ নান্টুও ভুক্তভোগীদের ন্যায় বিস্তার অভিযোগ তুলে ধরে সৈয়দ ইউসুফের দৃষ্টান্তমূলক বিচারের দাবি করেন।
অভিযুক্ত সেচ্ছাসেবক দল নেতা সৈয়দ ইউসুফ বলেন, আওয়ামী লীগের লোকজন আমার বিরুদ্ধে মানববন্ধন করেছেন। নির্বাচনের সময় তারা আমাদের সাথে থাকলেও ভোট দিয়েছেন দাঁড়িপাল্লায়। সেই লোকজন মানববন্ধনে অংশগ্রহণ করে আমার বিরুদ্ধে মিথ্যে অপপ্রচার ছড়াচ্ছে।