• ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই সফর, ১৪৪৮ হিজরি

বরিশালে সাপের কামড়ে যুবকের মৃত্যু, জীবিত করতে ঝাঁড়ফুক

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ১৭, ২০২৬, ১৯:২৯ অপরাহ্ণ
বরিশালে সাপের কামড়ে যুবকের মৃত্যু, জীবিত করতে ঝাঁড়ফুক

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরিশালের বাবুগঞ্জ উপজেলায় সাপের কামড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। স্বজনরা তার জীবন ফেরাতে ওঝা এনে ঝাঁড়ফুক করছেন।

শুক্রবার সকালে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা যুবককে মৃত ঘোষণা করেন। তারপরই লাশ বাড়িতে নিয়ে ঝাঁড়ফুক শুরু করেন স্বজনরা।

নিহত এইচ এম সায়েম (২৮) উপজেলার চাঁদপাশা ইউনিয়নের কালিকাপুর গ্রামের রাজমাথা এলাকার সৈয়দ হাওলাদারের ছেলে। পেশায় তিনি কাভার্ড ভ্যান চালক ছিলেন।

ঘটনাস্থলে থাকা প্রতিবেশী মো. আরিফ বলেন, রাত ১টার দিকে কাভার্ড ভ্যান পার্কিং করে হেঁটে বাড়ি ফিরছিলেন সায়েম। চাঁদপাশা ও রহমতপুর ইউনিয়নের সংযোগস্থল ভাঙ্গা বুনিয়া খাল এলাকায় তাকে সাপে কামড় দেয়। বাড়িতে এসে তিনি অজ্ঞান হয়ে পড়েন।

রাতেই তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে পর পর দুইবার অ্যান্টিভেনম ইনজেকশন দেওয়া হয়। কিন্তু তার জ্ঞান ফেরেনি। সকালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেন।

আরিফ বলেন, বাড়ি এসে স্বজনরা লাশ উঠানে রেখে সাপুড়ে ও ওঝা এনে ঝাঁড়ফুক শুরু করেন। বিকাল পর্যন্ত আটজন ঝাঁড়ফুক দিয়েছেন। কিন্তু সায়েমকে জীবিত করতে পারেনি তারা। ঝাঁড়ফুকের পাশাপাশি কবরও খুড়েছেন তারা।