• ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা রমজান, ১৪৪৭ হিজরি

বরিশালে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ১৫:২১ অপরাহ্ণ
বরিশালে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নে দেলোয়ার হোসেন (৬০) নামের একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার ১৮ ফেব্রুয়ারি রাত আটটার দিকে সদর উপজেলার রায়পাশা কড়াপুর ইউনিয়নের বৌষেরহাট মাঝ গ্রাম এলাকায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।

দেলোয়ার হোসেন ইউনিয়নের বৌষেরহাট গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে ও ওই বাজারের ইজারাদার। বুধবার রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে মাঝ গ্রাম এলাকায় তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিমানবন্দর থানা পুলিশ। ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো মিজানুর রহমান। তিনি বলেন, দেলোয়ার হোসেন নামের একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হত্যাকান্ডে জড়িতদের চিহ্নিত করা যায়নি। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

তিনি আরও বলেন, নিহতের স্বজনদের সাথে কথা বলে জানা যায় দেলোয়ার হোসেনের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলছিলো তার চাচাতো ভাইদের। তাদের দাবি ওই বিরোধকে কেন্দ্র করে হত্যা করা হয় দেলোয়ারকে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করবে নিহত দেলোয়ার হোসেনের স্বজনরা।