বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের দুশমি বাজার থেকে চারশো পিচ ইয়াবাসহ আস্কর গ্রামের চিহ্নিত মাদক বিক্রেতা শাহাদাত হোসেন পীযুষকে আটক করেছে। এসময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মটরসাইকেল জব্দ করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দা মারুফ হোসেন দোলন, শাওন হাওলাদার ও ফিরোজ শাহ গোপন সংবাদের ভিত্তিতে ধাওয়া করে মোটরসাইকেলসহ শাহাদাত হোসেন পীযুষকে আটক করে। এসময় তল্লাশি চালিয়ে চারশো পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে থানার এসআই ওমর ফারুক ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করা ইয়াবা, মোটরসাইকেলসহ আটককৃতকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এঘটনায় ওইদিন দুপুরে পুলিশ বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
তবে আটকের পর মাদক বিক্রেতা শাহাদাত হোসেন পীযুষ জানিয়েছেন, গৌরনদী উপজেলার টরকী বাসস্ট্যান্ড এলাকার জনৈক এক ব্যক্তির কাছ থেকে তিনি এসব ইয়াবা সংগ্রহ করেছেন। স্থানীয়রা বিষয়টি খতিয়ে দেখে টরকী বাসস্ট্যান্ড এলাকার জনৈক ওই ব্যক্তির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।