• ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা রমজান, ১৪৪৭ হিজরি

বরিশালে তারাবি নামাজে যাওয়ার পথে কৃষককে পিটিয়ে হত্যা

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ১৭:৩৪ অপরাহ্ণ
বরিশালে তারাবি নামাজে যাওয়ার পথে কৃষককে পিটিয়ে হত্যা

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ তারাবি নামাজ পড়তে যাওয়ার পথে হাতুড়ি পেটা করে মোস্তফা কামাল নামের কৃষককে নির্মমভাবে হত্যা করেছে তার স্বজনরা। বুধবার রাতে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন ধর্মগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোস্তফা কামাল (৪৫) ওই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

হত্যাকাণ্ডের ঘটনায় ১৪ জনকে নামধারী এবং সাতজন অজ্ঞাতসহ মোট ২১ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন নিহতের স্ত্রী আঁখি বেগম। হত্যাকাণ্ডের ঘটনায় রাতেই ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- নান্নু রাঢ়ী, কাশেম রাঢ়ী, মো. জসিম খান, মিন্টু হাওলাদার ও সিয়াম হাওলাদার।

কাজিরহাট থানার অফিসার ইনচার্জ মো. নবীউল হাসান বলেন, গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার দুপুরে বরিশাল আদালতে সোপর্দ করা হয়। বিচারক তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিহতের স্ত্রী আঁখি বেগম বলেন, তার স্বামী মোস্তফা কামাল এবং হত্যাকারীরা পরস্পর আত্মীয়স্বজন। দীর্ঘদিন ধরে জমি নিয়ে মোস্তফার সাথে প্রতিপক্ষ সিদ্দিকুর রহমান, শাহাবুদ্দিন হাওলাদার ও নাসির হাওলাদারদের বিরোধ চলে আসছিল।

তিনি আরও বলেন, বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে তারাবি নামাজ আদায়ের জন্য বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী বাজারের মসজিদের উদ্দেশে যাচ্ছিলেন মোস্তফা কামাল।

এসময় পূর্বে থেকে মাঠের মধ্যে ওত পেতে থাকা প্রতিপক্ষরা তার ওপর অতর্কিত হামলা করে। একপর্যায় হাতুড়ি দিয়ে পিটিয়ে মাথা এবং হাতসহ তার শরীরের বিভিন্ন অংশ ভেঙে দেয়।

মুমূর্ষু অবস্থায় রাতেই তাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে রাত ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।