বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নে হতদরিদ্রদের জন্য নির্ধারিত ‘খাদ্যবান্ধব কর্মসূচি’র উপকারভোগীর তালিকায় স্থানীয় এক বিএনপি নেতার স্ত্রীর নাম অন্তর্ভুক্ত থাকার অভিযোগ উঠেছে।
অভিযুক্ত নেতার নাম সিদ্দিকুর রহমান, যিনি চাখার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী।
ছবি সংবলিত ‘খাদ্যবান্ধব কর্মসূচির ভোক্তার মাস্টাররোল’ পর্যালোচনা করে দেখা যায়, চাখার ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নারী ভোক্তার তালিকায় ১৪৭ নম্বর ক্রমিকে ফারজানা ইয়াসমিন মিতু (কার্ড নম্বর: ৯৫৪) নামের এক নারীর নাম রয়েছে। স্থানীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে, ফারজানা ইয়াসমিন মিতু বিএনপি নেতা সিদ্দিকুর রহমানের স্ত্রী।
খাদ্যবান্ধব কর্মসূচি মূলত গ্রামের অতিদরিদ্র, অসচ্ছল ও নিম্নআয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য পরিচালিত একটি সরকারি প্রকল্প। সেখানে একজন প্রভাবশালী রাজনৈতিক নেতা ও চেয়ারম্যান প্রার্থীর স্ত্রীর নাম উপকারভোগীর তালিকায় আসায় এলাকায় তীব্র আলোড়ন ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, যেখানে বহু প্রকৃত অভাবী ও হতদরিদ্র মানুষ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, সেখানে একজন সচ্ছল ও রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তির পরিবারের সদস্য কীভাবে এ সুবিধা পান—তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
এ বিষয়ে বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও বিএনপি নেতা সিদ্দিকুর রহমান কিংবা তার স্ত্রীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এছাড়া তারা এ কর্মসূচির নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ করেন কি না, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে সরকারি কোনো দপ্তর থেকে মন্তব্য পাওয়া যায়নি।
তবে সচেতন মহলের দাবি, বিষয়টির দ্রুত তদন্ত করে তালিকা থেকে অযোগ্যদের নাম বাদ দিয়ে প্রকৃত দরিদ্রদের অন্তর্ভুক্ত করতে হবে।