• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে সফর, ১৪৪৮ হিজরি

বরিশালে অবৈধভাবে মজুত করা ২ হাজার লিটার জ্বালানি জব্দ

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ১৯, ২০২৬, ১৮:০৪ অপরাহ্ণ
বরিশালে অবৈধভাবে মজুত করা ২ হাজার লিটার জ্বালানি জব্দ

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরিশালের বাবুগঞ্জে অবৈধভাবে ২ হাজার লিটার জ্বালানি মজুত এবং বেশি দামে বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

জব্দকৃত জ্বালানি স্থানীয় লোকদের উপস্থিতিতে বিক্রি করে ২ লাখ ৪৫ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে।

রোববার (১৯ এপ্রিল) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার আগরপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), বরিশাল জেলা কার্যালয়ের গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্নার নেতৃত্বে উপজেলা প্রশাসন ও এনএসআইয়ের যৌথ টিম এ অভিযান চালায়।

অভিযানে মেসার্স সুমন স্টোরের স্বত্বাধিকারী নুরুল ইসলামকে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ৩ (২) খ ও ঘ ধারা অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় তার কাছে মজুত থাকা ১ হাজার ৪০০ লিটার ডিজেল জব্দ করা হয়। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীদের উপস্থিতিতে নিলামের মাধ্যমে ট্রলার, ট্রাক্টর, স্পিডবোট, আলফা ও মোটরসাইকেল চালকদের কাছে এসব তেল বিক্রি করা হয়। এতে ১ লাখ ৬১ হাজার টাকা আদায় হয়।

এ ছাড়া, জব্দ করা ৬০০ লিটার অকটেন স্থানীয় মোটরসাইকেল ও পাম্প চালকদের কাছে ৮৪ হাজার টাকায় বিক্রির প্রক্রিয়া চলমান। বিক্রির অর্থ নিয়ম অনুযায়ী সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন এনএসআই সদস্যরা।

এনএসআই সূত্র জানায়, নুরুল ইসলাম দীর্ঘদিন ধরে তার সার ও কীটনাশকের দোকানে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে সরকার নির্ধারিত দামের চেয়ে প্রতি লিটারে ৫০ থেকে ৬০ টাকা বেশি দামে বিক্রি করে আসছিলেন।

তিনি বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার ‘এসএম ট্রেডার্স’ এর নামে মেঘনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল সংগ্রহ করে আগরপুর বাজারে এনে মজুত করতেন।