• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি

‎পিরোজপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

বিডিক্রাইম
প্রকাশিত মে ২১, ২০২৫, ১৮:৩৬ অপরাহ্ণ
‎পিরোজপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

পিরোজপুরে মায়ের সামনেই বজ্রপাতে মো. শাকিল আকন (১৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২১ মে) বেলা ১১টার দিকে মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের ভেচকি গ্রামে এ ঘটনা ঘটে।

‎নিহত শাকিল আকন উপজেলার টিকিকাটা ইউনিয়নের ভেচকি গ্রামের মো. ইউসু আকনের ছেলে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আকাশ মেঘলা দেখে বৃষ্টির আশঙ্কা করে নিহত শাকিল আকন তার বসত বাড়ির উত্তর পাশের জমিতে বেঁধে রাখা গরু আনতে যায়। এসময় নিহত শাকিল আকনের মা শারমিন আক্তার ওই জমিতেই মুগের ডাল তুলতে ছিলেন। শাকিল মাঠে গরু আনার উদ্দেশ্যে রওনা করলে হঠাৎ বজ্রপাতের আঘাতে মায়ের সামনেই মাঠের মাঝে তিনি নিহত হন। পরে স্থানীয়রা লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. ফেরদৌস বলেন, শাকিল আকন নামে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। বজ্রপাতের কারণে তার মৃত্যু হয়েছে।

মঠবাড়িয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, বজ্রপাতে মায়ের সামনে শাকিল আকন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পারিবারিক ভাবে মরদেহ দাফন করা হবে।