• ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে সফর, ১৪৪৮ হিজরি

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বরিশাল-২ আসনের জাসদ প্রার্থী

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১৮:৫১ অপরাহ্ণ
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বরিশাল-২ আসনের জাসদ প্রার্থী

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (উজিরপুর ও বানারীপাড়া) আসনের বাংলাদেশ জাসদ মনোনীত ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত ‘মোটরগাড়ি’ মার্কার প্রার্থী আবুল কালাম আজাদ বাদল নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

রোববার বিকেলে উজিরপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে প্রার্থীর পক্ষে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন মোটরগাড়ি মার্কার উজিরপুর উপজেলার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. করিম খান। তিনি জানান, চিকিৎসকের পরামর্শে আবুল কালাম আজাদ বাদল সব ধরনের নির্বাচনী কার্যক্রম স্থগিত করেছেন।

মো. করিম খান বলেন, ‘নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে লিফলেট বিতরণ, ব্যানার টানানো, গণসংযোগ ও উঠান বৈঠকসহ বিভিন্ন কর্মসূচি চালিয়ে আসছিলাম। উজিরপুর ও বানারীপাড়া দুই উপজেলাতেই দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। তবে গত ৪ ফেব্রুয়ারি হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসকরা সম্পূর্ণ বেড রেস্টের পরামর্শ দিয়েছেন। বর্তমান শারীরিক অবস্থায় নির্বাচনী কার্যক্রম চালানো সম্ভব না হওয়ায় অনিচ্ছাসত্ত্বেও প্রার্থী প্রচারণা বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন।

প্রার্থীর পক্ষে মো. করিম খান দুঃখ প্রকাশ করে বলেন, ‘১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭১-এর মুক্তিযুদ্ধ এবং ১৯৯০ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্য ছিল আমাদের প্রার্থীর। সেই আদর্শের প্রতি বিশ্বাসী প্রার্থীদের পক্ষেই তিনি সকলকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।’

সংবাদ সম্মেলনের বিষয়ে আবুল কালাম আজাদ বাদল জানান, তার পরামর্শেই এই ঘোষণা করা হয়েছে।